যুক্তরাষ্ট্রে ২৩ বছর আগের একটি খুনের ঘটনায় নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকার একটি স্কুলের ক্রীড়া শিক্ষক মাহফুজ হককে গ্রেপ্তার করেছে সে দেশের পুলিশ। ১০ ফেব্রুয়ারি বিমানবন্দরে অবতরণের পরপরই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। খুনের মামলার আসামি হিসেবে তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে ভারতের টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে।বিমানবন্দর সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, মাহফুজ হক মাািকন নাগরিকত্ব পেয়েছিলেন। তাঁর বাবা-মা বাংলাদেশি। মাহফুজ ১৯৮৮ সালে যুক্তরাষ্ট্রে টেড কেলি নামে এক ব্যক্তিকে খুন করেন। এরপর সেখান থেকে বাংলাদেশে পালিয়ে আসেন। মাহফুজ বাংলাদেশে এসে আসিফ উল হক ভুয়া নামে পাসপোর্ট তৈরি করেন। এ নামেই তিনি একটি স্কুলে ক্রীড়া শিক্ষক হিসেবে যোগ দেন। ওই খুনের ঘটনায় ২০০৮ সালে ইন্টারপোল তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।খবরে আরও বলা হয়, নয়াদিল্লিতে অনুষ্ঠেয় একটি টেবিল টেনিস প্রশিক্ষণ ক্যাম্পে যোগ দিতে ১০ ফেব্রুয়ারি সকালে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে মাহফুজ ঢাকা থেকে নয়াদিল্লি যান। বিমানবন্দরের কর্মকর্তারা জানান, তাঁদের কাছে গোয়েন্দা সূত্রে খবর ছিল মাহফুজ ভারতের উদ্দেশে রওনা হয়েছে এবং তাঁকে গ্রেপ্তারের জন্য তাঁরা আগে থেকেই তৈরি ছিলেন।ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (সিবিআই) একজন মুখপাত্র গণমাধ্যমকে বলেন, কূটনৈতিক রীতিনীতি মেনে ইন্টারপোল মাহফুজকে তাঁদের হাতে তুলে দিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে।দিল্লিতে মাহফুজকে গ্রেপ্তারের ব্যাপারে ঢাকায় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা কোনো তথ্য জানাতে পারেননি।