দিল্লির বৈঠকে গুরুত্ব পাবে সন্ত্রাস দমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানের রেস্তোরাঁ ও শোলাকিয়ায় ঈদের জামাতে জঙ্গি হামলার প্রেক্ষাপটে দিল্লিতে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বিশেষ গুরুত্ব পাবে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন প্রসঙ্গ। আন্তসীমান্ত জঙ্গি ও সন্ত্রাসীদের রুখতে বাংলাদেশ ও ভারত সহযোগিতা জোরদারের নতুন উপায় নিয়ে কথা বলবে। পাশাপাশি বাংলাদেশে সম্প্রতি সংখ্যালঘু নির্যাতন বেড়ে যাওয়া, সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধের মতো বিষয়গুলোও আলোচনায় প্রাধান্য পাবে।

স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা গতকাল প্রথম আলোকে এ তথ্য জানান। তাঁরা জানান, নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে নতুন কোনো কাঠামোর প্রস্তাব এলে সেটি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ২৮ জুলাই দিল্লিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে আলোচনায় বসছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ওই বৈঠকে যোগ দিতে স্বরাষ্ট্রমন্ত্রী ২৭ জুলাই ভারত যাচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে আসাদুজ্জামান খান কামালের সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

বৈঠকের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল প্রথম আলোকে বলেন, ‘গুলশানসহ সাম্প্রতিক জঙ্গি হামলার কারণে অবশ্যই আমরা নিরাপত্তা ইস্যু নিয়ে কথা বলব। এ ছাড়া নিরাপত্তা প্রশিক্ষণের বিষয়ে আলোচনা হবে।’

এদিকে ঢাকায় ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা গতকাল বিকেলে সাংবাদিকদের জানিয়েছেন, দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীরা বৃহস্পতিবার নিরাপত্তা সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করবেন। তিনি গতকাল পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন।

১৪ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে তাঁর দপ্তরে এক আন্তমন্ত্রণালয় প্রস্তুতি সভা হয়। ওই সভায় দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের জন্য বাংলাদেশের আলোচ্যসূচি ঠিক করা হয়। এর পাশাপাশি ভারত যেসব বিষয় আলোচনায় তুলবে, তা নিয়ে বাংলাদেশের অবস্থানও চূড়ান্ত করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানান, দুই প্রতিবেশী দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ১৯৭৪-এর সীমান্ত চুক্তি ও এ-সংক্রান্ত ২০১১-এর প্রটোকল বাস্তবায়ন, সন্ত্রাসবাদ ও নিরাপত্তা সহযোগিতা, সীমান্ত হত্যা, বহিঃসমর্পণ চুক্তির সংশোধন, এক দেশের পালিয়ে থাকা আসামিদের অন্য দেশ থেকে হস্তান্তর, সীমান্ত ব্যবস্থাপনা ও সীমান্তে উন্নয়নকাজ, জাল ভারতীয় মুদ্রা, মাদক ও মানব পাচারের মতো বিষয়গুলো নিয়ে আলোচনার কথা রয়েছে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে বহিঃসমর্পণ চুক্তি সইয়ের চার বছর পেরিয়ে গেলেও চুক্তিটি এখনো কার্যকর হয়নি। অন্যদিকে ভারতের সঙ্গে বাংলাদেশের সাজাপ্রাপ্ত আসামি বিনিময় চুক্তির ছয় বছর পেরোনোর পর কোনো আসামিকে নিজের দেশে ফেরত পাঠানো যায়নি। এবারের বৈঠকে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে দুই দেশ।

ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই এবং ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ার খবরে সরকারি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, গুলশানের জঙ্গি হামলার প্রেক্ষাপটে এ অঞ্চলে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের তৎপরতা বেড়ে যাওয়া এবং সন্ত্রাসবাদ দমনে সহযোগিতা জোরদারের বিষয়টি মূল গুরুত্ব পাবে স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে। টাইমস অব ইন্ডিয়ায় গত বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন ১০ জঙ্গির ভারতে পালিয়ে থাকার তথ্য দিল্লির কাছে পাঠিয়েছে ঢাকা। দুই স্বরাষ্ট্রমন্ত্রীদের আলোচনায় এ বিষয়টি নিয়ে আলোচনা হবে। সরকারি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো আইএসের তৎপরতা দমন করতে সক্ষম হয়েছে, এ ক্ষেত্রে ভারতীয় কৌশলের সহযোগিতা নিতে পারে বাংলাদেশ।

 গুলশান হত্যাকাণ্ড: সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, গুলশানের হলি আর্টিজান বেকারির জঙ্গি হামলার পাশাপাশি সাম্প্রতিক কিছু হামলা থেকে এটা স্পষ্ট, দেশীয় ও আন্তর্জাতিক কিছু গোষ্ঠী এ ধরনের হামলা চালিয়ে বাংলাদেশের স্থিতিশীলতা ও আর্থসামাজিক অগ্রযাত্রা প্রতিহত করতে চায়। এ গোষ্ঠীগুলো কিশোর ও তরুণদের ধর্মের নামে বিভ্রান্ত করে জঙ্গিবাদ ও মানুষ হত্যার মতো ঘৃণ্য কাজে প্রলুব্ধ করছে। দেশি-বিদেশি এ চক্রগুলো দেশে ও দেশের বাইরে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা এবং সরকারকে ব্যর্থ প্রমাণের মধ্য দিয়ে জনগণের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। গুলশানের রেস্তোরাঁর হামলার পর ভারতের সহমর্মিতা ও সমর্থনের জন্য বাংলাদেশ কৃতজ্ঞ। ওই হামলায় তারুশি জৈন নামের মেধাবী ভারতীয় তরুণীর মৃত্যুতে বাংলাদেশ গভীর সমবেদনা জানাচ্ছে। বিয়োগান্ত ওই হামলার পর ভারত সরকারের পাশাপাশি ভারতের জনগণ যেভাবে বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে, সরকার এটিকে বিশেষভাবে মূল্য দেয়।

বাংলাদেশ মনে করে, ভারতের উত্তর-পূর্বাঞ্চলে স্থিতিশীলতা বিপন্ন হলে তা বাংলাদেশের নিরাপত্তায় নেতিবাচক প্রভাব ফেলবে। কাজেই কোনো সন্ত্রাসী, বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গি যাতে ভারতের বিরুদ্ধে কাজ করতে না পারে, সে ব্যাপারে বাংলাদেশ অতীতে যেভাবে ভারতকে সহযোগিতা করেছে, ভবিষ্যতেও এ অবস্থান অব্যাহত থাকবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, গুলশান ও শোলাকিয়ার জঙ্গি হামলার প্রেক্ষাপটে সন্ত্রাসবাদ দমনে সহযোগিতা নিয়ে বাংলাদেশের এ অবস্থান তুলে ধরা হবে।

 সংখ্যালঘু নির্যাতন ও তথাকথিত অবৈধ বাংলাদেশি প্রসঙ্গ: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, সংখ্যালঘুদের ওপর সম্প্রতি যেসব হামলা হয়েছে, তার মূল উদ্দেশ্য দেশে-বিদেশে বাংলাদেশ ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করা। লোকজনের, বিশেষ করে সংখ্যালঘুদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও ভীতি ছড়ানোর জন্য ওই হামলাগুলো হয়েছে। সংখ্যালঘুদের সুরক্ষার স্বার্থে তাদের ওপর হামলাকারীদের ন্যূনতম ছাড় না দেওয়ার নীতি অনুসরণে সরকার বদ্ধপরিকর। দিল্লির বৈঠকে সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গে সরকারের এ অবস্থান তুলে ধরা হবে।

মন্ত্রণালয়ের অন্য একজন কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি এই প্রতিবেদককে বলেন, সাম্প্রতিক সময়ে ভারতের রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করার বিষয়টি জোরালোভাবে আসছে। অথচ বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের আর্থসামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধিও উল্লেখ করার মতো। এমন পরিস্থিতিতে বাংলাদেশের লোকজনের অবৈধভাবে ভারতে গিয়ে অর্থনৈতিকভাবে কোনো লাভ নেই।

 সীমান্ত হত্যা: দুই মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে বাংলাদেশের নাগরিক নিহত হওয়ার সংখ্যা কমলেও সীমান্ত হত্যা থেমে নেই। গত কয়েক মাসের পর্যালোচনায় দেখা গেছে, বিএসএফের সদস্যরা বাংলাদেশে অনুপ্রবেশ করে নিরীহ গ্রামবাসীর ওপর হামলা চালিয়ে কয়েকজনকে হত্যা করেছেন। বিএসএফের এ ধরনের তৎপরতা উদ্বেগজনক। এ ধরনের হত্যাকাণ্ড দুই দেশের সম্পর্ক নিয়ে বাংলাদেশের লোকজনের মধ্যে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে। এ প্রেক্ষাপটে ২৮ জুলাইয়ের বৈঠকে বিষয়টি তোলা হবে এবং সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে ভারতের ব্যাপকতর সহযোগিতা চাইবে বাংলাদেশ।

২০১৩ সালের জানুয়ারিতে ঢাকায় দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের শেষ বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল।