দিশাবন্দ প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান চলছে আশ্রয়কেন্দ্রে
মনোহরগঞ্জ উপজেলার দিশাবন্দ রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়টি প্রশাসনিকভাবে পরিত্যক্ত ঘোষণার সাত বছর পরও পুনর্নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বিদ্যালয়ের পাঠদান চলছে নিকটবর্তী আশ্রয়কেন্দ্রের মেঝেতে। আশ্রয়কেন্দ্রের মেঝেতে একসঙ্গে তিনটি শ্রেণীর পাঠদানের কারণে শিক্ষার্থীদের পড়াশোনা বিঘ্ন ঘটছে।বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৯৪-৯৫ অর্থবছরে দিশাবন্দ রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়টি নির্মিত হয়। নির্মাণের এক বছর পরই ভবনের ছাদ চুইয়ে পানি পড়তে থাকে। কয়েক বছর যেতে না যেতেই ছাদের পলেস্তারাও ধসে পড়তে থাকে। ২০০৫ সালে ছাদের পলেস্তারা ধসে পড়ে একাধিক শিক্ষার্থী আহত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করলে তাঁরা ওই বছর জুলাই মাসের শেষের দিকে বিদ্যালয় পরিদর্শনে আসেন এবং ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করেন। কিন্তু বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে ওই পরিত্যক্ত ভবনেই ঝুঁকি নিয়ে পাঠদান চলে। একপর্যায়ে বিদ্যালয়ের সব শ্রেণীকক্ষ পাঠদানের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়লে ২০০৯ সাল থেকে রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে পাঠদান চলে বিদ্যালয়ের মাঠে খোলা আকাশের নিচে।২০১০ সালের শেষের দিকে মনোহরগঞ্জ উচ্চবিদ্যালয় ও কলেজের পাশে নির্মিত হয় একটি আশ্রয়কেন্দ্র। ওই আশ্রয়কেন্দ্রের মেঝেতে দেড় বছর ধরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বর্তমানে পাঠদান চলছে। বিদ্যালয়ে মোট ২৯৫ জন শিক্ষার্থী এবং চারজন শিক্ষক রয়েছেন। নলকূপ না থাকায় বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা নেই। টয়লেটের ব্যবস্থা না থাকায় শিক্ষকদের প্রাকৃতিক কাজ সারতে হয় পাশের মনোহরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে গিয়ে।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুর রশিদ বলেন, ‘স্থানীয় সাংসদ, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে লিখিত আবেদন দিয়েছি। কিন্তু বিদ্যালয়টি পুনর্নির্মাণের জন্য কেউই সাড়া দেননি।’ প্রধান শিক্ষক আবদুল মতিন বলেন, সরকার প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেছে। কিন্তু এখানে বিদ্যালয় ভবনটি পুনর্নির্মাণ না করায় দীর্ঘদিন ধরে পাঠদান ব্যাহত হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহামঞ্চদ জাহেদুর রহমান বলেন, ‘আমি এখানে যোগদান করেছি মাত্র দুই মাস হয়েছে। এখনো অনেক কিছু সম্পর্কে জ্ঞাত নই। তবে যতটুকু জানি, আমার পূর্ববর্তী ইউএনও কয়েকটি বিদ্যালয় ভবন পুনর্নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তালিকা পাঠিয়েছেন।’