দিশেহারা অটোরিকশার মালিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার অনেক মানুষ ঋণের ওপর সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ব্যবসা করছেন। আর টানা হরতাল-অবরোধের কারণে এসব যানের চলাচল বন্ধ হয়ে গেছে। এ পরিস্থিতিতে সাপ্তাহিক কিস্তি কীভাবে পরিশোধ করবেন, তা নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন মালিকেরা।
উপজেলার সাত-আটজন অটোরিকশার মালিকের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে উপজেলায় কিস্তিতে কেনা দুই শতাধিক অটোরিকশা সড়কে চলাচল করছে। বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ও সমিতি থেকে এগুলো নেওয়া হয়েছে। এ জন্য প্রতি সপ্তাহে অটোরিকশাপ্রতি ৩ হাজার ২০০ টাকা করে কিস্তি পরিশোধ করতে হয়।
উপজেলার কলেজপাড়া মহল্লার শরিফ উদ্দিন বলেন, এক সপ্তাহ ধরে অটোরিকশা চলাচল একেবারে বন্ধ আছে। চালকেরা সড়কে বের হতে চান না। এতে তাঁদের দিনে একটা টাকাও রোজগার হচ্ছে না। কিন্তু অটোরিকশা থেকে টাকা রোজগার না হলেও সুদ ঠিকই হচ্ছে। যথাসময়ে কিস্তিও দিতে হবে। এই ক্ষতি কীভাবে কাটিয়ে উঠবেন, তা নিয়ে তাঁরা দিশেহারা।
উপজেলার কুড়াহার গ্রামের গোলাম রব্বানী (৪০) বলেন, ‘আমি অটোরিকশার মূল দামের অর্ধেক টাকা জমা দিয়ে সাপ্তাহিক কিস্তিতে গাড়ি তুলেছি। প্রতিদিন সড়কে গাড়ি চলে। আর সেখান থেকে আয়ের টাকা দিয়ে কিস্তি শোধ করি। কিন্তু এখন দিনের পর দিন হরতাল-অবরোধে গাড়ি বন্ধ থাকায় মহা দুশ্চিন্তায় পড়েছি।’
নাটমরিচাই গ্রামের বেলাল হোসেন (৪৫) বলেন, ‘হরতাল-অবরোধে গাড়ি চালালেই গাড়ি জ্বালিয়ে দিচ্ছে। এ জন্য গ্যারেজ থেকে গাড়ি বের করা যাচ্ছে না। পকেটেও টাকা নেই। এখন কীভাবে কিস্তি শোধ করব, তার কিছুই বুঝতে পারছি না।’
উপজেলা সিএনজিচালিত অটোরিকশা মালিক সঞ্চয় সমিতির সভাপতি আরেফিন হক বলেন, অবরোধ-হরতালে অটোরিকশা চালানো যাচ্ছে না। এ কারণে মালিকদের হাতে একটা টাকাও আসছে না। তার ওপর এ উপজেলায় দুই শতাধিক মালিক ঋণে অটোরিকশা কিনেছেন। অবরোধ-হরতালের কারণে কিস্তি পরিশোধ করতে না পেরে সবচেয়ে করুণ অবস্থায় তাঁরা পড়েছেন।