দিশেহারা জয়পুরহাটের মুরগি খামারিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋণ নিয়ে পোলট্রি খামার করা জয়পুরহাটের অনেক খামারি লোকসানের কারণে ঋণ পরিশোধ করতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন। মুরগির মৃত্যু, খাদ্য, ওষুধ ও বাচ্চার দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় খামারিরা বছরের পর বছর বিভিন্ন ব্যাংক ও বেসরকারি সংস্থার ঋণের টাকা শোধ করার পরিবর্তে শুধু ঋণের সুদের টাকা শোধ করে মামলা এড়ানোর চেষ্টা করছেন। অনেক খামারি মুরগির খাদ্য, ওষুধ ও মুরগির বাচ্চা বাকিতে নিয়েও দাম শোধ করতে পারছেন না।জয়পুরহাট সদর উপজেলার পালী গ্রামের খামারি জামিল উদ্দীনের খামারে গত বছর দুই হাজার ৭০০ মুরগি মারা যাওয়ার পর থেকে লোকসানের কারণে খামারটি বন্ধ আছে। ব্যাংকে তাঁর ঋণ রয়েছে দেড় লাখ টাকা। দুটি বেসরকারি সংস্থায় তাঁর ঋণ আছে আরও ৮০ হাজার টাকা। এ ছাড়া খাদ্য ও ওষুধের দাম পাবেন মহাজনেরা।জামালপুর ইউনিয়নের খেজুরতলী গ্রামের রিমু পোলট্রি খামারের মালিক আস্তানুর রহমান জানান, তিনি ব্যাংক থেকে তিন লাখ টাকা ঋণ নিয়েছিলেন। মূল টাকা পরিশোধ করতে পারেননি। মামলার ভয়ে প্রতিবছর শুধু সুদের টাকা পরিশোধ করে যাচ্ছেন। এখন ঋণের টাকা শোধ করা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন। জামালগঞ্জ বাজারের ব্যবসায়ী গোলাম রব্বানী ও আবু বক্কর সিদ্দিক জানান, তাঁরা খামারিদের প্রায় দুই কোটি টাকার খাদ্য ও ওষুধ বাকি দিয়েছেন। দিনের পর দিন তাগাদা দিয়েও সেই টাকা আদায় করা সম্ভব হচ্ছে না।জামালগঞ্জ বাজার জনতা ব্যাংকের ব্যাবস্থা-পক জানান, তাঁদের ব্যাংকে কেউ ঋণখেলাপি হননি। মূল ঋণ পরিশোধ না করলেও অনেকে প্রতিবছর সুদের টাকা পরিশোধ করে ঋণ নবায়ন করে আসছেন। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক জয়পুরহাট আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালে জামালগঞ্জ পোলট্রি ভিলেজে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এসে ৭৫ জন খামারিকে মোট এক কোটি ২৪ লাখ ৪৫ হাজার টাকার ঋণ বিতরণ করেন। অধিকাংশ খামারি ওই ঋণের মূল টাকা পরিশোধ করতে পারেননি।জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি বেলায়েত হোসেন জানান, জয়পুরহাটে বিশাল পোলট্রি শিল্প গড়ে উঠলেও বর্তমানে এই শিল্পে ধস নেমেছে। ব্যবসায়ীরা ঋণের টাকা শোধ করতে না পারায় আতঙ্কে দিন কাটাচ্ছেন। জেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা রোস্তম আলী জানান, সাময়িকভাবে পোলট্রি খামারিরা ক্ষতিগ্রস্ত হলেও তিনি আশা করছেন, অচিরেই এই সংকট কাটিয়ে উঠে তাঁরা আবার খামার চালু করতে পারবেন।