দিয়াজ হত্যার দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন আদালতে জমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের কেন্দ্রীয় সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীকে আঘাতের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে—উল্লেখ করে আদালতে লিখিত প্রতিবেদন জমা দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা।

আজ বুধবার বিকেলে ভারপ্রাপ্ত চট্টগ্রাম মুখ্য বিচারিক হাকিম আ স ম শহীদুল্লা কায়সারের আদালতে প্রতিবেদনটি জমা দেওয়া হয়। মামলাটি তদন্ত করছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) চট্টগ্রাম অঞ্চলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. হুমায়ুন কবির।

আদালতে জমা দেওয়া দুই পৃষ্ঠার প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধানসহ তিন সদস্যের ময়নাতদন্ত সম্পন্নকারী চিকিৎসকের করা দিয়াজের দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন গতকাল মঙ্গলবার সিআইডির চট্টগ্রাম কার্যালয়ে পৌঁছায়। ময়নাতদন্ত প্রতিবেদনটি পর্যালোচনায় দেখা যায়, ভুক্তভোগী দিয়াজকে আঘাতের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

প্রথম ময়নাতদন্ত প্রতিবেদনে দিয়াজ ‘আত্মহত্যা’ করেছেন বলে উল্লেখ রয়েছে। নিহতের মা এটা প্রত্যাখ্যান করলে আদালতের নির্দেশে দ্বিতীয় ময়নাতদন্ত করা হয়।

তদন্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, এই হত্যাকাণ্ড একটি চাঞ্চল্যকর ঘটনা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে কোন্দল ও অন্যান্য কারণে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে। এই হত্যার রহস্য উদ্‌ঘাটনের জন্য দীর্ঘ তদন্ত প্রয়োজন।

আদালত সূত্র জানায়, আদালত সিআইডির দেওয়া ময়নাতদন্ত প্রতিবেদনটি নথিভুক্ত করেছেন। তবে কোনো আদেশ এখনো হয়নি।

২০১৬ সালের ২০ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় একটি ভবনের দ্বিতীয় তলার ভাড়া বাসা থেকে দিয়াজের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সেদিন বাসায় দিয়াজ ছাড়া পরিবারের আর কেউ ছিলেন না।

কেন্দ্রীয় রাজনীতিতে যাওয়ার আগে দিয়াজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছিলেন। ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীদের মধ্যে তাঁর অনুসারীও রয়েছে। তখন তাঁরা অভিযোগ করেন, ৯৫ কোটি টাকার দরপত্রের ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিরোধের কারণে ছাত্রলীগের একটি পক্ষ দিয়াজকে হত্যা করে বাসায় লাশ ঝুলিয়ে রাখে। দিয়াজের লাশ উদ্ধারের পরদিন চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রথম ময়নাতদন্ত হয়। ২৩ নভেম্বর পুলিশ জানায়, দিয়াজকে হত্যা করা হয়েছে এমন আলামত ময়নাতদন্ত প্রতিবেদনে মেলেনি। তখন ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে দিয়াজের পরিবারসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একটি অংশ।

ছেলেকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ এনে গত বছরের ২৪ নভেম্বর দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী বাদী হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু (বর্তমানে কমিটি স্থগিত), সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরীসহ ১০ জনকে আসামি করে আদালতে মামলা করেন। পরে ৬ ডিসেম্বর লাশ কবর থেকে তুলে পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেন আদালত। গত বছরের ১১ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে লাশের দ্বিতীয় ময়নাতদন্ত হয়।