দিয়াজের মৃত্যুকে কেন্দ্র করে ফেসবুকে স্ট্যাটাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর মৃত্যুকে কেন্দ্র করে ফেসবুকে স্ট্যাটাস (মন্তব্য) দেওয়ায় এক শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত মঙ্গলবার এই বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ মহিউদ্দীনকে এ নোটিশ দেওয়া হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হুদা স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, ‘আপনার (মহিউদ্দীন) বিরুদ্ধে অভিযোগ, আপনি ফেসবুকে আপনার আইডিতে “দিয়াজের মা মানতে নারাজ এটা আত্মহত্যা। তাঁর দাবি এটি হত্যাকাণ্ড। তিনি একজন দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও একজন ক্ষমতাবান নেতার নাম বলেছেন। কে এই কুলাঙ্গার ও খুনি শিক্ষক খুঁজে বের করে তাকে ফাঁসিতে ঝোলানো হোক” শীর্ষক স্ট্যাটাস দিয়েছেন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সম্মানহানি হয়েছে। যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্মচারী সংবিধি অনুসারে শাস্তিযোগ্য অপরাধ।’
গত ২০ নভেম্বর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ২ নম্বর গেট এলাকার নিজ বাসা থেকে দিয়াজের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। দিয়াজকে হত্যা করা হয়েছে এমন আলামত ময়নাতদন্ত প্রতিবেদনে মেলেনি। তিনি আত্মহত্যা করেছেন বলে মত দিয়েছেন চিকিৎসকেরা। দিয়াজের পরিবার ও ছাত্রলীগের একটি অংশ এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, দিয়াজকে পরিকল্পিতভাবে হত্যার পর লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে খুনিরা। এ ঘটনায় দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন চৌধুরীসহ ১০ জনকে আসামি করে আদালতে মামলা করেন।
মুহাম্মদ মহিউদ্দীনকে নোটিশ দেওয়ার তিন দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে ব্যাখ্যা দিতে বলা হয়। তিনি বলেন, ‘আমি নোটিশ পেয়েছি। আমার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। আমি ব্যাখ্যা দেব।’
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হুদার বক্তব্য জানতে গতকাল সন্ধ্যায় মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু রিং হলেও তিনি ফোন ধরেননি। পরে তাঁর মুঠোফোনে খুদে বার্তা পাঠানো হয়। এরপর তিনি মুঠোফোন বন্ধ করে দেন।