দিয়াবাড়িতে লেকে ডুবে যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধুদের সঙ্গে লেকে গোসল করতে নেমে উত্তরার দিয়াবাড়িতে পানিতে ডুবে শাহরিয়ার হোসেন (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে দিয়াবাড়ির ৩ নম্বর সেতুর নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
শাহরিয়ার ঢাকা কমার্স কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে। আজমপুরের কাঁচাবাজার এলাকায় পরিবারের সঙ্গে সে থাকত।
উত্তরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের একজন ডুবুরি নেমে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
তুরাগ থানার ওসি মাহমুদে খোদা বলেন, পাঁচজন গোসল করতে গিয়েছিল। একমাত্র শাহরিয়ারই সাঁতার জানত। সে লেকের অন্য পাশ থেকে ফিরে আসার সময় ডুবে যায়।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
মগবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন হারুন মিয়া (৫৫) নামের এক ব্যক্তি। হারুন মিয়ার ছেলে আল আমিন বলেন, তাঁর বাবা মগবাজার প্লাজায় কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। গতকাল বেলা ১১টার দিকে তিনি মার্কেটের তৃতীয় তলা থেকে পাশে থাকা একটি বটগাছের ডাল কাটতে যান। এ সময় ডালটি বিদ্যুতের তারের ওপর পড়লে সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। বাড়ি কুমিল্লার হোমনায়।