দীঘিনালা আ.লীগের সম্মেলন ২২ এপ্রিল
সাত বছর পর ২২ এপ্রিল অনুষ্ঠিত হচ্ছে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের দ্বিবার্ষিক সম্মেলন। সম্মেলনকে ঘিরে আওয়ামী রাজনীতিতে চাঙাভাব দেখা দিয়েছে।নেতা-কর্মীরা প্রার্থীদের পক্ষে প্রতিদিন ইউনিয়ন শাখা কমিটিতে গিয়ে ভোট প্রার্থনা করছেন।সম্মেলনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাম্মদ কাশেম ও ছোবাহানপুর আর এ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহুল আমিন। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মাহবুব আলম, বিদ্যুৎ চাকমা, মোস্তাফিজুর রহমান, ইসমাইল হোসেন ও জাহাঙ্গীর হোসেন। উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ইউছুফ তালুকদার বলেন, ‘দীর্ঘ সাত বছর পর কাউন্সিল হচ্ছে। যে নেতাকে সব সময় কাছে পাব, তাঁকেই আমরা নেতৃত্ব নির্বাচন করব।’ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মো. আলাউদ্দিন জানান, সম্মেলনে প্রতিটি ইউনিয়ন শাখা কমিটি থেকে ২১ জন কাউন্সিলর, উপজেলা কমিটির সব সদস্যসহ মোট ১৭২ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।