দীঘিনালা খাগড়াছড়ি সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

বেহাল সড়ক—৯৭

দেশের বিভিন্ন জেলায় সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও নির্মাণের অল্প দিনের মধ্যেই পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। কোথাও সড়ক ধসে পড়েছে। এসব সড়ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন

খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দে ভরে গেছে। ছবিটি নয় মাইল এলাকা থেকে সম্প্রতি তোলা l প্রথম আলো
খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দে ভরে গেছে। ছবিটি নয় মাইল এলাকা থেকে সম্প্রতি তোলা l প্রথম আলো

কোথাও খানাখন্দ আবার কোথাও পিচঢালাই উঠে বেরিয়ে গেছে খোয়া। এক বছর ধরে সড়কটিতে কোনো সংস্কারকাজ হয়নি। অথচ খাগড়াছড়ি-দীঘিনালা সড়ক দিয়ে প্রতিদিন তিনটি উপজেলায় কয়েক শ যানবাহন চলাচল করে।

সরেজমিনে গত ৬ জানুয়ারি দেখা যায়, ২১ কিলোমিটার দীর্ঘ এ সড়কের ভগীরথপাড়া, তিন শ পরিবার পুনর্বাসন এলাকা, ভৈরফা সেতু, কাঁঠালতলি আবাসিক স্কুল, বন বিহার, জামতলি আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরসংলগ্ন, জামতলি বন বিভাগের সামনে, রাবার কারখানা এলাকা, নয় মাইল, সাত মাইল, আট মাইল, পাহাড়ি কৃষি গবেষণাসহ অসংখ্য এলাকা খানাখন্দে ভরা। কোনো কোনো স্থানে ইট ফেলে গর্ত ভরাট করা হয়েছে। কিন্তু ইট সরে গিয়ে আবারও সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খুলনার ফুলবাড়ী গেট এলাকা থেকে যাত্রী নিয়ে আসা বাসচালক বিপ্লব মিয়া বলেন, ঢাকা থেকে খাগড়াছড়ি যাওয়ার থেকে খাগড়াছড়ি শহর থেকে দীঘিনালা সদরে যেতে বেশি কষ্ট হয়। বাস চললে অনেক ঝাঁকুনি হয়।

স্থানীয় লোকজন বলেন, সড়কটি দিয়ে প্রতিদিন খাগড়াছড়ির দীঘিনালা, রাঙামাটির বাঘাইছড়ি ও লংগদু উপজেলার কয়েক শ গাড়ি চলে। এ ছাড়া বাঘাইছড়িতে সাজেক পর্যটনকেন্দ্র আছে। বেড়ানোর মৌসুমে যানবাহনের চাপ বেশি থাকে। গুরুত্বপূর্ণ এমন একটি সড়ক সংস্কারের কোনো উদ্যোগ নেই।

সড়ক ও জনপথ বিভাগ খাগড়াছড়ির নির্বাহী প্রকৌশলী মোসলেহ উদ্দিন বলেন, সড়কটি সংস্কারে গত আগস্ট মাসে চার কোটি টাকার বরাদ্দ চেয়ে প্রধান কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু এখনো ওই বরাদ্দ পাওয়া যায়নি। তবে সাময়িকভাবে বিভিন্ন সড়কের খানাখন্দ ভরাটের জন্য এক কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। সে টাকা দিয়ে কিছু কাজ করা যাবে। কিন্তু দীঘিনালা-খাগড়াছড়ি সড়কটি পুরোটা সংস্কার করতে অনেক খরচ হবে। এ জন্য তাঁরা কোনো প্রকল্পের আওতায় এ কাজটি করার চেষ্টা করছেন।