দীঘিনালা-খাগড়াছড়ি সড়ক জুড়ে খানাখন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খানাখন্দে ভরা বেহাল খাগড়াছড়ি-দীঘিনালা সড়ক সংস্কারের জন্য গত বছরের আগস্ট মাসে চার কোটি টাকা বরাদ্দ চেয়েছিল খাগড়াছড়ি সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। তবে সওজের প্রধান কার্যালয় থেকে এক বছরেও সেই বরাদ্দ মেলেনি। এ কারণে সড়কে স্থায়ীভাবে সড়ক সংস্কারও করা যায়নি। এতে খাগড়াছড়ির দীঘিনালা, রাঙামাটির বাঘাইছড়ি ও লংগদু উপজেলার মানুষজন যাতায়াতে চরম ভোগান্তি পোহাচ্ছে।

সড়ক ও জনপথ অধিদপ্তরের খাগড়াছড়ি কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোসলেহ উদ্দিন চৌধুরী বলেন, খানাখন্দে ভরা খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের অন্তত ১০টি স্থানে পাহাড়ধসের ঝুঁকি তৈরি হয়েছে। গাছের খুঁটি ও বালুর বস্তা ফেলে ধস ঠেকানো হলেও স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সড়কটি সংস্কারের জন্য ২০১৬ সালে আগস্ট মাসে খাগড়াছড়ি সওজ কর্তৃপক্ষ প্রধান কার্যালয়ের কাছে ৪ কোটি টাকা বরাদ্দ চেয়েছিল। বরাদ্দ না মেলায় জোড়াতালি দিয়ে চালু রাখা হয়েছে সড়কটি।

২১ কিলোমিটার দীর্ঘ দীঘিনালা-খাগড়াছড়ি সড়ক ঘুরে দেখা গেছে, সড়কের জামতলী, সুপারি বাগান, ৩০০ পরিবার পুনর্বাসন এলাকা, ভৈরফা, আবাসিক স্কুল, বনবিহার, জামতলী, পাঁচ মাইলসহ বিভিন্ন স্থানে সড়কে খানাখন্দের সৃষ্টি হয়েছে। কয়েকটি স্থানে সড়ক দেবে গেছে। এ ছাড়া ১০টি স্থানে সড়কটি পাহাড়ধসের কবলে পড়েছে।

সড়কে চলাচলকারী ঘনশ্যাম ত্রিপুরা ও চামেলি চাকমা বলেন, বেহাল সড়কে যাতায়াত করতে গিয়ে তাঁদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ঝুঁকি জেনেও বাধ্য হয়ে এ সড়কে চলাচল করতে হচ্ছে।

দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান নব কমল চাকমা বলেন, দীঘিনালা-খাগড়াছড়ি সড়কটি তিন উপজেলার প্রধান সড়ক। সড়কটি স্থায়ীভাবে সংস্কার করা জরুরি।

সড়ক ও জনপথ অধিদপ্তরের খাগড়াছড়ি কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোসলেহ উদ্দিন চৌধুরী বলেন, পাহাড়ধস ঠেকানো ও খানাখন্দ ভরাটের জন্য জরুরি ভিত্তিতে ৮০ লাখ টাকার কাজ করা হয়েছিল। কিন্তু প্রবল বর্ষণের কারণে আবারও সড়ক ঝুঁকির মুখে পড়েছে। সড়ক সংস্কারের জন্য চার কোটি টাকা বরাদ্দ চেয়ে প্রধান কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছিল। এখনো বরাদ্দ পাওয়া যায়নি।