দীঘিনালা থেকে অপহূত শিশু চট্টগ্রামে উদ্ধার
খাগড়াছড়ির দীঘিনালা থেকে অপহূত শিশু জাহিদুল ইসলাম ওরফে নিশানকে (৪) তিন দিন পর গতকাল শুক্রবার চট্টগ্রামের বায়েজিদ বোস্তামীর মাজার থেকে উদ্ধার করা হয়েছে।গত মঙ্গলবার সকালে উপজেলার থানাপাড়া নোয়াখালী টিলা গ্রামের প্রবাসী জাহাঙ্গীর আলমের ছেলে এবং উপজেলার আল কোরআন একাডেমির নার্সারির ছাত্র জাহিদুল ইসলাম বিদ্যালয়ে যাওয়ার পথে নিখোঁজ হয়। গত বুধবার অপহরণকারীরা মুঠোফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। গত বৃহস্পতিবার শিশুটির মা রেশমা আক্তার একই গ্রামের শেখ ফরিদ (৪২) ও মো. বেলাল হোসেন (৪০) নামের দুজনের বিরুদ্ধে অপহরণের মামলা করার পর পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। পুলিশ জানায়, গতকাল বিকেল সোয়া চারটার দিকে অপহরণকারীরা জাহিদুলের খালু হারুন অর রশিদের মুঠোফোনে জানায় তাকে বায়েজিদ বোস্তামীর মাজারে রেখে দেওয়া হয়েছে। পরে বায়েজিদ থানার পুলিশ শিশুটিকে মাজার এলাকা থেকে উদ্ধার করে। শিশুটিকে উদ্ধারের জন্য দীঘিনালা থানার পরিদর্শক (তদন্ত) ইসরাফিল মজুমদারের নেতৃত্বে পুলিশের একটি দলকে চট্টগ্রামে পাঠানো হয়।ইসরাফিল মজুমদার জানান, জাহিদুল সুস্থ আছে। তাকে নিয়ে তাঁরা দীঘিনালার উদ্দেশে রওনা হয়েছেন। দীঘিনালা থানার ওসি সাহাদাত হোসেন বলেন, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হওয়ার কিছুক্ষণ পরই অপহরণকারীরা জাহিদুলকে বায়েজিদ বোস্তামীর মাজারে রেখে যায়। তিনি বলেন, গ্রেপ্তার দুজনের সঙ্গে শিশুটির পরিবারের শত্রুতা ছিল।