দীঘিনালা থেকে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা থেকে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রয়েছে। সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ বলছে, একটি আঞ্চলিক সংগঠনের পক্ষ থেকে দীঘিনালা-খাগড়াছড়ি সড়কে পণ্যবাহী ট্রাক চলাচলে বাধা ও হুমকির কারণে গতকাল শনিবার তারা পণ্য পরিবহন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এদিকে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকায় পাইকারি ব্যবসায়ীরা দীঘিনালা থেকে কাঁচামাল কিনছেন না।
সূত্র জানায়, গতকাল পুলিশ পাহারা দিয়ে ১০টি খালি ট্রাক খাগড়াছড়ি শহরে পৌঁছে দেয়।
সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ সূত্র বলছে, কিছুদিন ধরে দীঘিনালা-খাগড়াছড়ি সড়কের কয়েকটি স্থানে একটি আঞ্চলিক সংগঠনের নামে ট্রাক থামিয়ে চালক ও ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছে। শুক্রবার দীঘিনালা থেকে দুটি পণ্যবাহী ট্রাক খাগড়াছড়ি যাওয়ার পথে ভৈরফা ও চার মাইল এলাকা থেকে ফেরত পাঠানো হয়। এ সময় পণ্যবাহী কোনো ট্রাক দীঘিনালা থেকে বাইরে যেতে দেওয়া হবে না ও চলাচল করলে গাড়ি পুড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। শনিবারও একই হুমকি দেওয়ার কারণে পরিবহন মালিকেরা পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ করে দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ট্রাকচালক বলেন, পণ্য নিয়ে দীঘিনালা থেকে বাইরে যাওয়ার পথে কয়েক জায়গায় গাড়ি থামিয়ে হয়রানি করা হয়। চালকদের মারধর পর্যন্ত করা হয়। তাঁরা বিষয়গুলো তাঁদের নেতাদের জানিয়েছেন।
এদিকে পণ্য পরিবহন বন্ধ থাকায় গতকাল বৃহত্তম পাইকারি বাজার বোয়ালখালী নতুন বাজারে কোনো কাঁচামাল বেচাকেনা হয়নি। কলার বাজারে গিয়ে দেখা যায়, লোকজন কলা নিয়ে বসে আছেন। কেউবা ট্রলিতে করে কলা বাড়িতে ফেরত নিয়ে যাচ্ছেন।
কলা বিক্রি করতে আসা সুরবানু চাকমা, পূর্ণ বিজয় চাকমা, অনুপম ত্রিপুরা, ঝিমন্ত ত্রিপুরা, রাহুল চাকমাসহ অনেকে বলেন, কলা নিয়ে তাঁরা সকাল থেকে বাজারে বসে আছেন। কিন্তু কেউ কলা কিনতে চাচ্ছে না।
বিররাস্য চাকমা বলেন, ‘গ্রাম থেকে খুচরা কিনে ১৩০টি কলার ছড়ি বিক্রি করতে বাজারে নিয়ে এসেছিলাম, কিন্তু কেউ কেনেনি। তাই আবার ফেরত নিয়ে যাচ্ছি।’
কলার পাইকারি ব্যবসায়ী মো. সামসুল ও মো. নূরু বলেন, পরিবহন বন্ধ তাই তাঁরা কলা কিনছেন না।
সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সদস্যসচিব কে এম ইসমাইল হোসেন বলেন, ‘কিছুদিন আগে জেলা ট্রাকচালক সমবায় সমিতির দীঘিনালা শাখা কার্যালয়ের লাইনম্যান লিটন সাহাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ লিটনকে তাদের কর্মী দাবি করে চাকরিতে পুনর্বহালের দাবি জানায়। কয়েক দিন ধরে দীঘিনালা সড়কে চালকদের হয়রানি করছে সংগঠনটি। শুক্রবার পণ্যবাহী ট্রাক ফিরিয়ে দেওয়া ও আগুনে পুড়িয়ে দেওয়ার হুমকির পর আমরা গাড়ি ও চালকদের নিরাপত্তার কারণে পণ্য পরিবহন করা বন্ধ করে দিয়েছি। রোববার বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
ইউপিডিএফের দীঘিনালা উপজেলা সংগঠক কিশোর চাকমা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এ ধরনের ঘটনার সঙ্গে আমাদের সংগঠনের সম্পৃক্ততা নেই। আমাদের সংগঠনের নাম ভাঙিয়ে হয়তো অন্য কেউ এ ঘটনা করেছে। আর লিটন সাহা আমাদের সংগঠনের কেউ নয়।’
দীঘিনালা থানার পরিদর্শক (তদন্ত) ইসরাফিল মজুমদার পুলিশ পাহারায় ট্রাক পৌঁছে দেওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মালিক সমিতি নিরাপত্তা দিয়ে ট্রাকগুলো পৌঁছে দিতে অনুরোধ করেছে, তাই আমরা পৌঁছে দিয়েছি। অন্য বিষয়ে জানি না।’