দীঘিনালা থেকে সাত দিনে ২২ ট্রাক বাঁশ পাচার!
খাগড়াছড়ির দীঘিনালায় সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে বন বিভাগের সহযোগিতায় সাত দিনের ব্যবধানে ২২ ট্রাক বাঁশ পাচারের অভিযোগ পাওযা গেছে। বাঁশের বংশবিস্তারে পরিবেশ ও বন মন্ত্রণালয় তিন মাস বাঁশ কাটা ও পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেছে। বন বিভাগ ওই নিষেধাজ্ঞার সময়ই ৫৮ হাজার বাঁশ পরিবহনের অনুমতি দিয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, পরিবেশ ও বন মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রামে জুন, জুলাই ও আগস্ট—এই তিন মাসকে বাঁশের বংশবিস্তারের মাস হিসেবে চিহ্নিত করে। এ তিন মাস বাঁশ কাটা ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। গত ২৩ মে পর্যন্ত রাজস্ব জমা দেওয়ার এবং ৩০ মে পর্যন্ত বাঁশ পরিবহনের শেষ সময় ছিল। কিন্তু পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধীন নাড়াইছড়ি রেঞ্জ ২৩ মে নাম-ঠিকানাবিহীন ১১২ জনের নামে ৫৮ হাজার বাঁশের রাজস্ব বাবদ ৯৪ হাজার ৭০০ টাকা জমা দেখায়। জমাকৃত রাজস্বের অনুকূলে বন বিভাগ বাঁশ সময়মতো পরিবহন করেনি—এমন অজুহাত দেখিয়ে নিষেধাজ্ঞার সময় বাঁশগুলো পরিবহনের সুযোগ করে দেয়। বন বিভাগ বাবুছড়া এলাকায় বাঁশগুলো জমা ও আগের কাটা ছিল বলে কাগজপত্রে দেখায়।পরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকার এক ব্যক্তিকে দিয়ে সরকারি নিষেধাজ্ঞার সময় ১৮ জুলাই পরিবহনের অনুমতিপত্র (পারমিট) দেখিয়ে ২১ জুলাই পাঁচ ট্রাক, ২২ জুলাই পাঁচ ট্রাক ও ২৩ জুলাই তিন ট্রাক; ২২ জুলাই পরিবহনের অনুমতিপত্র দেখিয়ে ২৫ জুলাই তিন ট্রাক; ১ আগস্ট পরিবহনের অনুমতিপত্র দেখিয়ে ২ আগস্ট দুই ট্রাক এবং ৯ আগস্ট পরিবহনের অনুমতিপত্র দেখিয়ে ১০ আগস্ট দুই ট্রাক, ১১ আগস্ট দুই ট্রাকসহ মোট ২২ ট্রাক বাঁশ পাচার করা হয়।জামতলী বন বিভাগের চেক স্টেশন কর্মকর্তা মো. আবদুুর রব বলেন, ‘উল্লিখিত তারিখের বাঁশ বোঝাই করা ট্রাকগুলো এ স্টেশন দিয়েই গেছে। পারমিট ছিল, চেক করে ছেড়ে দিয়েছি।’ বাবুছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পরিতোষ চাকমা বলেন, ‘আমার ইউনিয়নের কোথাও জমা করা বাঁশ নেই। যে বাঁশগুলো পাচার হয়েছে, তা সম্পূর্ণ নতুন কাটা।’যে ১১২ জনের নামে রাজস্ব জমা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে নিরঞ্জন চাকমা, বিনয় কুমার চাকমা, অমৃত চাকমা, ধনাইয়া চাকমা ও জয়ধন চাকমার নাম পাওয়া গেছে। বাকিরা তাঁদের অধীনে আছেন। কিন্তু তাঁদের নাম উল্লেখ করা হয়নি।বাবুছড়া বাঁশ ব্যবসায়ী সমিতির সভাপতি যুব লক্ষ্মণ চাকমা বলেন, ‘আমাদের সমিতির আওতাভুক্ত ২৫ জন সদস্য আছেন। সবাই রাজস্ব জমা দিয়েও বাঁশ পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় আর নিতে পারেননি। অথচ নাম না-জানা এক ব্যক্তি বন বিভাগের সহযোগিতায় নতুন গজিয়ে ওঠা কচি বাঁশ কেটে পাচার করে নিয়ে গেছেন।’ যে পাঁচ ব্যক্তির নামে রাজস্ব জমা দেওয়া হয়েছে, তাঁরা বাঁশ ব্যবসায়ী ও সমিতির সদস্য নন বলে জানিয়েছেন যুব লক্ষ্মণ চাকমা। এমনকি তিনি তাঁদের চেনেন না। লক্ষ্মণ চাকমা আরও জানান, প্রতি ট্রাকে সাধারণত এক হাজার ২০০টি বাঁশ পরিবহন করা যায়। সেই হিসাবে ২২টি ট্রাকে ১১ আগস্ট পর্যন্ত সাকল্যে ২৬ হাজার ৪০০টি বাঁশ পরিবহন করা হয়েছে।নাড়াইছড়ি রেঞ্জ কর্মকর্তা শংকর কুমার কর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাঁশগুলো নির্দিষ্ট সময়ে নিতে পারেননি। তাই মানবিক কারণে ছাড় দেওয়া হয়েছে। বাবুছড়া এলাকায় কোনো বাঁশ জমা ছিল কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘জমা করা বাঁশ ছিল। তবে অত দূরে গিয়ে স্টক দেখা সম্ভব হয়নি। যিনি বাঁশ নিয়ে গেছেন, তিনি রাঙ্গুনিয়ার মানুষ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মৌখিক সুপারিশ ছিল। তাই বাঁশগুলো নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।’