খাগড়াছড়ির দীঘিনালায় অনিয়মের সংবাদ প্রকাশ করায় দীঘিনালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেনকে প্রাণনাশের হুমকি দিয়েছেন প্রাথমিক শিক্ষক সমিতির দুই নেতাসহ চার শিক্ষক। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে শিক্ষকদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জাকির হোসেন।জেলার কর্মরত সাংবাদিকেরা এ ঘটনার নিন্দা ও অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহামঞ্চদ আবু দাউদ ও দীঘিনালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন জানান, ৯ জুলাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাসামগ্রী ক্রয়ে অনিয়মের একটি সংবাদ প্রকাশিত হলে শিক্ষক সমিতির নেতারা ক্ষুব্ধ হন। গতকাল সকাল নয়টায় দীঘিনালা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধন চন্দ্র চাকমা ও সাধারণ সম্পাদক আতিকউল্লাহ পাটোয়ারিসহ চারজন শিক্ষক খাগড়াছড়ির মাস্টারপাড়া এলাকায় দৈনিক অরণ্যবার্তা কার্যালয়ে গিয়ে জাকির হোসেনকে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে তাঁকে (জাকির হোসেন) না পেয়ে খাগড়াছড়ি জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহামঞ্চদ আবু দাউদকে বলেন, ‘জাকির হোসেন যেন বেশি বাড়াবাড়ি না করে। তাহলে তাঁর হাত ভেঙে সাংবাদিকতা করার মজা বুঝিয়ে দেব।’ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আতিকউল্লাহ পাটোয়ারি বলেন, ‘ভাই যা হয়েছে তা নিয়ে আর বাড়াবাড়ি না করাই ভালো। চলেন বিষয়টি বসে মীমাংসা করে ফেলি।’ দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, দীঘিনালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন জীবনের নিরাপত্তা চেয়ে চার শিক্ষকের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন। অপরদিকে সাংবাদিক জাকির হোসেনকে প্রাণনাশের হুমকির নিন্দা জানিয়ে অভিযুক্ত শিক্ষকদের শাস্তির দাবি জানিয়েছেন খাগড়াছড়ি প্রেসক্লাব ও দীঘিনালা প্রেসক্লাব।