দীঘিনালা-লংগদু সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

সড়কজুড়ে খানাখন্দ। কোথাও কালভার্ট দেবে গিয়ে ধসে গেছে দুই পাশের মাটি, আবার কোথাও বা সড়কের একাংশ পুরোপুরি ধসে গেছে। এ অবস্থায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।
কোনো গ্রামীণ সড়কের চিত্র নয় এটি। খাগড়াছড়ি ও রাঙামাটির দুই উপজেলার সংযোগ সড়ক দীঘিনালা-লংগদু সড়কের এমন হাল। আগে এই সড়কের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল সেনাবাহিনীর ১৯ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়নের (ইসিবি)। গত ২৭ জুলাই সড়কটি ইসিবি খাগড়াছড়ি সড়ক ও জনপথ (সওজ) বিভাগকে বুঝিয়ে দেয়। এরপর থেকে সওজ সড়কটির কোনো সংস্কার করেনি।
সরেজমিনে দেখা গেছে, ৪০ কিলোমিটার দীর্ঘ এই সড়কের বেশির ভাগ স্থানেই বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। দীঘিনালা সদর থেকে তিন কিলোমিটার দূরে সড়কের কাঁঠালতলী শ্মশান পোস্ট এলাকায় একটি কালভার্টের অবস্থা বেশ ঝুঁকিপূর্ণ। কালভার্টটি দেবে যাওয়ার পাশাপাশি পাশের রক্ষাদেয়ালও ধসে গেছে। উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার দূরে মেরুং ইউনিয়ন পরিষদ–সংলগ্ন এলাকায় সড়কের একাংশ ধসে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। গর্ত ঢাকতে এলাকাবাসী মাটি ফেললেও কাজ হয়নি। ওই পথে ঝুঁকি নিয়েই চলছে যানবাহন। খাগড়াছড়ি সওজের কর্মকর্তারা জানান, জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কার করা না হলে যেকোনো মুহূর্তে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাবে।
সওজের কর্মকর্তারা জানান, সড়কের বিন্দু বৈদ্যপাড়া, বেলছড়ি, বেতছড়ি, মধ্য বোয়ালখালী, রাবার কারখানাসহ বিভিন্ন এলাকায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এর ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ যাত্রী ও ব্যবসায়ীদের।
এই সড়কের বাসচালক মো. সৈয়দ, মো. শাহজাহান মিয়া ও মো. রমজান মিয়া বলেন, সড়কটি দিয়ে ছোট গাড়ি কোনোমতে চলতে পারলেও ট্রাক ও বাসের জন্য এটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে কাঁঠালতলী শ্মশান পোস্ট এলাকার কালভার্টটি খুবই ঝুঁকি হয়ে পড়েছে। মালবোঝাই গাড়ি নিয়ে কালভার্টটি পার হওয়ার সময় খুবই ভয় লাগে।
এ বিষয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের খাগড়াছড়ির নির্বাহী প্রকৌশলী মোসলে উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘দীঘিনালা-লংগদু ৪০ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি ২৭ জুলাই সেনাবাহিনীর ১৯ ইঞ্জিনিয়ারিং কন্সট্রাকশন ব্যাটালিয়ন (১৯ ইসিবি) আমাদের বুঝিয়ে দিয়েছে। সড়কটি সংস্কারের জন্য তিন কোটি টাকা প্রয়োজন। সড়কটি সংস্কার করার জন্য আগস্টের প্রথম সপ্তাহে তিন কোটি টাকা বরাদ্দ চেয়ে প্রধান কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে সড়কটি সংস্কার করা হবে।’