দীঘিনালায় অপহূত তিন জনের মধ্যে দুজনকে মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালার ৫ নম্বর বাবুছড়ার দুর্গম জারুলছড়ি থেকে গত রোববার গভীর রাতে অপহূত তিনজনের মধ্যে দুজনকে মুক্তি দেওয়া হয়েছে। অপহূত অপরজন উপজেলা গণতান্ত্রিক যুব ফোরামের সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে বলে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) অভিযোগ করেছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে চার ঘণ্টা সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে লাশ উদ্ধার করতে পারেনি। এ ঘটনার জন্য সন্তু লারমার পক্ষকে দায়ী করেছে ইউপিডিএফ। সন্তু লারমার পক্ষ ইউপিডিএফের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। ইউপিডিএফ জানায়, শনিবার গভীর রাতে উপজেলার ৫ নম্বর বাবুছড়া ইউনিয়নের দুর্গম জারুলছড়ি মুখগ্রাম থেকে একদল সন্ত্রাসী উপজেলা গণতান্ত্রিক যুব ফোরামের সদস্য জিশান চাকমা (২৯), দুর্গম লম্বাছড়া গ্রাম থেকে ইউপিডিএফের সমর্থক শান্তিপ্রিয় চাকমা (৩২) ও চোগা চাকমাকে (৪২) অপহরণ করে নিয়ে যায়। অপহূত তিনজনের মধ্যে সোমবার সন্ধ্যায় শান্তিপ্রিয় চাকমা ও চোগা চাকমাকে মুক্তি দেওয়া হয়। যুব ফোরামের সদস্য জিশান চাকমাকে গুলি করে হত্যা করা হয় বলে অভিযোগ করা হয়। ইউপিডিএফের দীঘিনালা উপজেলা সংগঠক কিশোর চাকমা অপহূত দুজন মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়েছি যুব ফোরামের সদস্য জিশান চাকমাকে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যার পর লাশটি পুড়িয়ে ফেলা হয়েছে। সন্তু লারমার পক্ষের লোকজনই এ ঘটনা ঘটিয়েছে।’  জনসংহতি সমিতি (জেএসএস) সন্তু লারমার পক্ষের কেন্দ্রীয় সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা প্রথম আলোকে জানিয়েছেন, এ ঘটনার সঙ্গে সন্তু লারমার পক্ষের কোনো সম্পৃক্ততা নেই। ইউপিডিএফের অভিযোগ ভিত্তিহীন।