দীঘিনালায় ইউএনও নেই, ভোগান্তি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পদ শূন্য গত এক মাস। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, দীঘিনালার ইউএনও শহীদ হোসেন চৌধুরী ২৩ নভেম্বর চাঁদপুরের ফরিদগঞ্জে বদলি হয়ে যান। এরপর থেকে ইউএনওর পদ শূন্য। ২৪ নভেম্বর থেকে খাগড়াছড়ি সদরের ইউএনও এলিশ শরমিন অতিরিক্ত দায়িত্ব হিসেবে দীঘিনালার ইউএনও এবং সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্ব পালন করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা প্রশাসনের কয়েকজন কর্মকর্তা বলেন, ইউএনওর পদ শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রমে এক ধরনের স্থবিরতা বিরাজ করছে।
ছোট হাজাছড়ার ছিদ্দিক মিয়া, সোবাহানপুর এলাকার জাহাঙ্গীর আলম, ভূঁইয়াছড়ি এলাকার কুতুব উদ্দিন, কবাখালী মুসলিমপাড়া গ্রামের ওমর ফারুক জানান, তাঁরা স্থায়ী বাসিন্দার সনদের জন্য আবেদন করেছেন। কিন্তু ইউএনও না থাকায় সনদ পাচ্ছেন না।
উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের সহকারী আক্তার হোসেন জানান, সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্ব পালন করতেন ইউএনও। কিন্তু এক মাস ধরে ইউএনওর পদ শূন্য থাকায় তাঁরা জমির দলিলের অবিকল নকলের জন্য আবেদন নেওয়া বন্ধ করে দিয়েছেন।
ইউএনও না থাকায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সম্মানী ভাতাও বন্ধ রয়েছে।
খাগড়াছড়ি সদরের ইউএনও এলিশ শরমিন বলেন, তাঁকে দুই উপজেলার চারটি পদে দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে সাধারণ মানুষকে সেবা দিতে একটু সমস্যা হচ্ছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান নব কমল চাকমা বলেন, ইউএনও না থাকায় সাধারণ মানুষকে যেমন ভোগান্তি পোহাচ্ছে, তেমনি প্রশাসনিক কাজেও সমস্যা হচ্ছে। তিনি বিষয়টি নিয়ে একবার বিভাগীয় কমিশনারের সঙ্গে কথা বলেছেন। এখন আবার কথা বলবেন।