দীঘিনালায় চাঁদাবাজি ও হত্যার হুমকির অভিযোগে গ্রেপ্তার ১
খাগড়াছড়ির দীঘিনালায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) পরিচয় দিয়ে বিভিন্নজনের কাছ থেকে চাঁবাবাজি ও হত্যার হুমকির অভিযোগে বৃহস্পতিবার রাতে পুলিশ মঞ্জুর আলম (৩২) প্রকাশ পল্লব দেওয়ান নামে একজনকে গ্রেপ্তার করেছে।
তাঁর বিরুদ্ধে থানায় সাতটি মামলাসহ তিনটি সাধারণ ডায়েরি রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে এনেছে পুলিশ। জেএসএস (এমএন লারমা) পক্ষ মঞ্জুর আলম তাদের সংগঠনের কেউ নয় বলে জানিয়েছে।
পুলিশ জানায়, গত ৬ জুলাই রাতে মঞ্জুর আলম ওরফে পল্লব দেওয়ান থানা বাজারে এসে বোয়ালখালী (সদর) ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মাসুদ রানাকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে হামলা চালান। ঘটনার পর পর জনতার ধাওয়ার মুখে তিনি পালিয়ে যান। বৃহস্পতিবার রাত ১০টার সময় জামতলী এলাকায় জনতা তাঁকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। গতকাল তাঁকে খাগড়াছড়ির প্রধান বিচারিক হাকিমের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদাত হোসেন জানান, মঞ্জু ইসলাম ধর্ম ত্যাগ করে কয়েক বছর ধরে পল্লব দেওয়ান নাম ধারণ করেছেন। তিনি এ নামে জেএসএস (এমএন লারমা) পক্ষের পরিচয় দিয়ে বিভিন্নজনের কাছ থেকে চাঁদাবাজি ও হত্যার হুমকি দিয়ে আসছেন। তাঁর বিরুদ্ধে থানায় সাতটি মামলা ও তিনটি সাধারণ ডায়েরি রয়েছে। তাঁর কাছে অবৈধ অস্ত্র রয়েছে বলে গোপন খবর পাওয়া গেছে। তাই তাঁকে জিজ্ঞাসাবাদ করে অস্ত্রের ব্যাপারে তথ্য আদায় করা হবে।
জেএসএস (এম এন লারমা) পক্ষের উপজেলা শাখার সভাপতি প্রীতিময় চাকমা বলেন, ‘মঞ্জুর আমাদের সংগঠনের কেউ নয়।’