খাগড়াছড়ির দীঘিনালায় মাইনী নদীর ওপর নির্মাণাধীন সেতুর ৬৫ ফুট দীর্ঘ একটি গার্ডার ধসে পড়েছে। গত মঙ্গলবার বিকেলে ঢালাইয়ের কাজ শেষ হওয়ার দুই ঘণ্টা পরই গার্ডারটি ধসে পড়ে।
স্থানীয় লোকজন নিম্নমানের সামগ্রী ব্যবহার করে সেতু নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ করেন। পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে সেতুটি নির্মাণের কাজ চলছে। গতকাল বুধবার সারা দিনেও জেলা পরিষদের কোনো কর্মকর্তা সেতুটি পরিদর্শনে আসেননি।
তবে সেতুর তদারককারী কর্মকর্তা জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী সামশুল হক নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ঢালাইয়ের সময় আমি উপস্থিত থাকি। ঢালাই দেওয়ার দুই ঘণ্টা পর গার্ডার ধসে পড়ার কথা নয়। কেউ শত্রুতা করে সেটি ফেলে দিতে পারে।’
জানা গেছে, ২০১১-১২ অর্থবছরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ দীঘিনালা থানা বাজারসংলগ্ন মাইনী নদীর ওপর ১৮০ মিটার দীর্ঘ ‘ফুট ব্রিজ’ নির্মাণ প্রকল্প গ্রহণ করে। নির্মাণকাজ করছে খাগড়াছড়ির রিপ এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। বর্তমানে সেতুটিতে আড়াই কোটি টাকার কাজ চলছে। মঙ্গলবার বিকেলে সেতুর পাবলাখালী (নারিকেলবাগান) অংশের দ্বিতীয় গার্ডারের ঢালাই দেওয়া হয়। কাজ শেষ করার দুই ঘণ্টা পর সন্ধ্যায় বিকট শব্দে সেটি ধসে পড়ে। বাজারের লোকজন শব্দ শুনে গিয়ে দেখেন গার্ডারটি ধসে পড়েছে।
গতকাল সরেজমিন দেখা যায়, নির্মাণসামগ্রীর সঙ্গে সিলেট থেকে বালু এনে তা ব্যবহার করার নিয়ম থাকলেও সেতুটির নির্মাণকাজ মাইনী নদীর বালু দিয়েই করা হচ্ছে। দেড় ফুট করে তিন ফুট প্রস্থের দুটি বিম এবং ১২ ফুট পাশ, পাঁচ ফুট উচ্চতা ও ৬৫ ফুট দৈর্ঘ্যের গার্ডারটি নির্মাণে সেন্টারিংয়ে লোহা বা স্টিলের পাতের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে দেড় ইঞ্চি মাপের কাঠের তক্তা। ধসে পড়ার পর সকাল থেকে শ্রমিকেরা গার্ডার থেকে রডগুলো আলাদা করার চেষ্টা করছেন। ঢালাইয়ের ১৯ ঘণ্টা পরও (গতকাল পরিদর্শনের সময়) ধসে পড়া স্থানে আরসিসি (রড, সিমেন্ট ও কংক্রিট) জমাট বাঁধেনি। ধরলে পাউডারের মতো হয়ে যাচ্ছে।
নির্মাণশ্রমিক ইমন চাকমা ও চন্দ্র বিকাশ চাকমা বলেন, ‘এখানকার বালু দিয়েই কাজ করছি। ঢালাই দেওয়ার দুই ঘণ্টা পর গার্ডারটি ধসে পড়েছে। এর বেশি কিছু জানি না।’
থানা বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. নবী অভিযোগ করেন, ‘এত বড় কাজ, কিন্তু কোনো তদারকি নেই। ঠিকাদারের লোকজন ইচ্ছামতো কাজ করছেন। স্থানীয় নদীর বালু ব্যবহার করা হচ্ছে। নিম্নমানের কাজ হচ্ছে বলেই গার্ডারটি ধসে পড়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি কে এম এনামুল করিম বলেন, ‘গার্ডার ধসে পড়ার ১৯ ঘণ্টা পরও আরসিসি সামান্যও জমাট বাঁধেনি। তবে এ ক্ষেত্রে আমাদের ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নেই।’
ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক রিপ রিপ দেওয়ানের সঙ্গে মুঠোফোনে বারবার চেষ্টা করেও ওপাশ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে উপঠিকাদার আবদুল বাতেন নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণকাজের বিষয়টি অস্বীকার করেন। তিনি অবশ্য স্থানীয় বালু ব্যবহারের বিষয়টি স্বীকার করেন।