খাগড়াছড়ির দীঘিনালার দুর্গম জারুলছড়ি এলাকায় গতকাল রোববার পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক দুটি সংগঠনের মধ্যে দুই ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না বিস্তারিত জানা যায়নি।
ঘটনার পর সেনাবাহিনী ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১৭১টি গুলির খোসা ও নয়টি তাজা গুলি উদ্ধার করেছে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারীরা পালিয়ে যায়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও এলাকাবাসী জানান, গতকাল উপজেলার পাঁচ নম্বর বাবুছড়া ইউনিয়নের জারুলছড়ি সেনাবাহিনীর ক্যাম্প থেকে চার কিলোমিটার উত্তর-পূর্ব দিকে রবিচন্দ্র কার্বারিপাড়া এলাকায় ভোর সাড়ে পাঁচটা থেকে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত থেমে থেমে বন্দুকযুদ্ধ চলে। খবর পেয়ে জারুলছড়ি সেনাক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গেলে অস্ত্রধারীরা পালিয়ে যায়। পরে দীঘিনালা সেনা জোন ও বাবুছড়া সেনাক্যাম্প থেকে আরও দুটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। বন্দুকযুদ্ধের ঘটনাস্থল থেকে সেনাবাহিনী এসএমজি, রাইফেল ও পয়েন্ট টু টু রিভালবারের গুলিসহ ১৭১টি গুলির খোসা এবং নয়টি তাজা গুলি উদ্ধার করে।
দীঘিনালা সেনা জোনের দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করার অনুরোধে বলেন, ওই এলাকায় জেএসএস (সন্তু) পক্ষ ও ইউপিডিএফের মধ্যে আধিপত্য নিয়ে দীর্ঘদিন মুখোমুখি অবস্থানে রয়েছে। গতকাল ভোরেও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ দুটি পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে। ঘটনাস্থলে সেনাবাহিনী অভিযান অব্যাহত রেখেছে। পাঁচ নম্বর বাবুছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুগত চাকমা বন্দুকযুদ্ধের সত্যতা স্বীকার করে বলেন, ‘দুটি পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে বলে শুনেছি।’
ইউপিডিএফের উপজেলা সংগঠক কিশোর চাকমা বলেন, ‘গোলাগুলি হওয়ার খবর পেয়েছি। তবে এতে আমাদের সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই।’ জেএসএস (সন্তু) পক্ষের কেন্দ্রীয় সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, ‘ওই এলাকায় আমাদের সাংগঠনিক কার্যক্রম নেই। আমাদের পক্ষের সঙ্গে বন্দুকযুদ্ধের প্রশ্নই আসে না। আমরা গণতান্ত্রিক সংগঠন করি।’