দীঘিনালায় দুই পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ
খাগড়াছড়ির দীঘিনালার দুর্গম জারুলছড়ি এলাকায় গতকাল রোববার পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দুটি সংগঠনের মধ্যে দেড় ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না জানা যায়নি।
ঘটনার পর সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়েছে। তাদের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারীরা গা ঢাকা দিয়েছে। পুলিশ ও সেনাবাহিনী ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল উপজেলার পাঁচ নম্বর বাবুছড়া ইউনিয়নের জারুলছড়ি থেকে পাঁচ কিলোমিটার দক্ষিণে রবিচন্দ্র কার্বারিপাড়া ও মঙ্গল বিকাশ কার্বারিপাড়ার মধ্যবর্তী স্থানে সকাল সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত আঞ্চলিক দুটি সংগঠনের মধ্যে থেমে থেমে দেড় ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ চলে।
এ সময় ওই এলাকায় বসবাসকারী আদিবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গেলে অস্ত্রধারীরা পালিয়ে যায়। নাম প্রকাশ না করার শর্তে জারুলছড়ি এলাকার কয়েকজন বাসিন্দা জানান, গত কয়েক বছর ধরে ওই এলাকায় জেএসএস (সন্তু) পক্ষ ও ইউপিডিএফের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। সেখানে একাধিকবার বন্দুকযুদ্ধের ঘটনাও ঘটে।
বাবুছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুগত চাকমা বলেন, ‘দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে বলে শুনেছি। তবে কোন কোন পক্ষের মধ্যে হয়েছে এবং ঘটনায় হতাহত হয়েছে কি না, তা বিস্তারিত খবর পাইনি।’
ইউপিডিএফের উপজেলা সংগঠক কিশোর চাকমা বলেন, ‘গোলাগুলি হওয়ার খবর পেয়েছি। তবে এতে আমাদের সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই এবং আমাদের সংগঠন কোনো অস্ত্রধারী সংগঠনও নয়।’
জেএসএস (সন্তু) পক্ষের বক্তব্য জানার জন্য ওই সংগঠনের কেন্দ্রীয় সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমার মুঠোফোনে বারবার চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।