দীঘিনালায় বেইলি সেতু দেবে গেছে
খাগড়াছড়ির দীঘিনালার বড় মেরুং ছড়ার বেইলি সেতুর এক পাশ দেবে ও রেলিং বেঁকে যাওয়ায় দীঘিনালার সঙ্গে লংগদু উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
গতকাল শুক্রবার সকালে সিমেন্টবোঝাই একটি ট্রাক সেতু পার হওয়ার সময় সেতুর এক পাশ দেবে যায়। সেতুটি মেরামত করতে এক সপ্তাহ লেগে যেতে পারে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল ১০টার দিকে দীঘিনালা থেকে লংগদুগামী সিমেন্টবোঝাই একটি ট্রাক বেইলি সেতুতে ওঠার পরপরই সেতুর এক পাশ দেবে যায় এবং রেলিং বেঁকে যায়। এতে দীঘিনালা থেকে লংগদু পর্যন্ত সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে।
গতকাল সকালে সরেজমিনে দেখা যায়, সেতুর দুই পাশের যাত্রীরা গাড়ি থেকে নেমে হেঁটে সেতু পার হয়ে অন্য গাড়িতে উঠে গন্তব্যে যাচ্ছেন। আর ব্যবসায়ীরা শ্রমিকদের সাহায্যে পণ্য পারাপার করছেন।
ব্যবসায়ী মিলন মিয়া, আলমগীর হোসেন, আল-আমিন, বাদশা মিয়াসহ কয়েকজন বলেন, সেতুর ওপর দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পণ্য পরিবহনে তাঁদের বাড়তি অর্থ খরচ করতে হচ্ছে।