খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বেসরকারি ব্যাংক না থাকায় ব্যবসায়ীদের ২০ কিলোমিটার দূরে জেলা সদরে গিয়ে বিভিন্ন লেনদেন করতে হচ্ছে। উপজেলা সদরে সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংক থাকলেও ব্যাংক দুটিতে বিদ্যুৎ বিল, নানা সরকারি দপ্তরের বিলসহ বিভিন্ন লেনদেনের কারণে ভিড় লেগে থাকে। ফলে ব্যবসায়ীদের সময় নষ্ট হয় বলে তাঁরা জানান।
খাগড়াছড়ি জেলা কাঠ ব্যবসায়ী সমিতির সদস্য মিলন ফরাজী বলেন, ‘আমরা ঢাকায় কাঠ পাঠালে ঢাকার ব্যবসায়ীরা আমাদের পাওনা টাকা পাঠান বেসরকারি ব্যাংকের মাধ্যমে। জেলা সদরে গিয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে আমাদের উপজেলা সদরে ফিরে আসতে হয়। অনেক সময় টাকা উত্তোলন করে ফিরতে ফিরতে সন্ধ্যাও হয়ে যায়।’
১ নম্বর মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন জানান, মেরুং বাজার থেকে জেলা সদরের দূরত্ব ৩২ কিলোমিটার। মেরুং এলাকার অধিকাংশ মানুষ কাঠ ব্যবসার সঙ্গে জড়িত। ব্যবসায়ীরা ঢাকায় কাঠ পাঠালে কাঠের টাকা আনতে হয় জেলা সদরে গিয়ে। উপজেলা সদরে একটি বেসরকারি ব্যাংক হলে উপজেলার সব ব্যবসায়ীর ভোগান্তি ও টাকা লেনদেনের জন্য জেলা সদরে যাওয়ার ঝুঁকিটা লাঘব হতো।