দীঘিনালায় শিক্ষকের প্রহারে অসুস্থ শিশু হাসপাতালে
খাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষকের প্রহারে অসুস্থ হয়ে পড়া শিশু মো. ফারুককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পড়া না পারার কারণে ১১ এপ্রিল তার পায়ে বেত দিয়ে পেটানো হয় বলে পরিবার অভিযোগ করেছে।
ফারুক উপজেলার বাবুছড়ার আহম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। তার বাড়ি কবাখালীতে। শিক্ষকের প্রহারে গুরুতর অসুস্থ হয়ে পড়া শিশুটিকে প্রথমে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ফারুকের বাবা জাকির হোসেন জানান, ১৪ এপ্রিল মাদ্রাসার শিক্ষক আরিফ হোসেন তাকে মুঠোফোনে জানান ছেলে অসুস্থ। পরদিন তিনি মাদ্রাসা থেকে ছেলেকে হাসপাতালে ভর্তি করেন। সেখানকার চিকিৎসকদের পরামর্শে ২০ এপ্রিল খাগড়াছড়ি সদর হাপাতালে ভর্তি করা হয়। তিনি বলেন, ‘আমার ছেলে আগে সুস্থ হোক, এরপর যা করতে হয় করব।’
দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. জিয়াউর রহমান জানান, নির্যাতনে শিশুটির পা ফুলে গেছে। সে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে।
খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা নয়নময় ত্রিপুরা বলেন, ‘শিশুটির উন্নত চিকিৎসার প্রয়োজন। তাই আমরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছি।’
ছাত্র প্রহারের বিষয়ে মাদ্রাসাশিক্ষক মো. আরিফ হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়। কিন্তু সাংবাদিক পরিচয় দেওয়ার পর তিনি ব্যস্ত বলে সংযোগ কেটে দেন। পরে আরও কয়েকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
এ বিষয়ে মাদ্রাসার তত্ত্বাবধায়ক মো. আমানউল্লাহ বলেন, ‘আমি খাগড়াছড়ি সদর হাসপাতালে ছেলেটিকে দেখতে গিয়েছি। বিষয়টা খুবই মর্মান্তিক। আমার অবশ্যই দোষী শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরিচালনা কমিটির সবাই বিভিন্ন জায়গায় ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকায় বিষয়টি নিয়ে এখনো বসা হয়নি।’
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. মাহবুবুর রহমান জানান, তিনি ঘটনাটি শুনছেন। সবার সঙ্গে কথা বলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।