দীঘিনালায় সংরক্ষিত বনাঞ্চলে তামাক চাষ
খাগড়াছড়ির দীঘিনালার পার্বত্য চট্টগ্রাম ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আওতাধীন হাজাছড়া রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলে চলছে তামাক চাষের প্রস্তুতি।
বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, ১৯৮৬ সালে বিরাজমান পরিস্থিতির কারণে সংরক্ষিত বন এলাকা থেকে রেঞ্জ কার্যালয় ও বিট কার্যালয়গুলো গুটিয়ে নেওয়ার পর থেকে বনাঞ্চলগুলো অরক্ষিত অবস্থায় আছে। সংরক্ষিত বনাঞ্চলে এখন আর গাছ নেই। বনের গাছ কয়েক বছর আগেই লুট হয়ে গেছে। গাছ লুট হওয়ার পর কয়েক বছর ধরে এ বনাঞ্চলে চলছে তামাকের চাষ। প্রতিবছর তামাক চাষের মৌসুমে ভাসমান চাষিরা সেখানে গিয়ে তামাক চাষ করেন। বনে স্থায়ীভাবে নির্মাণ করা হয়েছে তামাকচুল্লি।
উপজেলার পাঁচ নম্বর মেরুং ইউনিয়নের ছোট মেরুং বাজার থেকে নদীপথে হাজাছড়া রেঞ্জের আওতাধীন এলাকা ঘুরে দেখা যায়, উল্টাছড়ি পর্যন্ত নদীর দুই পাশে সংরক্ষিত বনাঞ্চলে তামাক চাষের জন্য জমি তৈরি করা হয়েছে। নদীর ধারে তামাকের বীজ বপন করা হয়েছে। এ ছাড়া বনাঞ্চলের ভেতরে অস্থায়ীভাবে ঘর তৈরি করা হয়েছে। কিছু দূর পর পর তামাকচুল্লি দেখা যায়। পুরোদমে চাষ শুরু না হওয়ায় তামাকচাষিরা এখনো সেখানে অবস্থান না করায় তাঁদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
বন বিভাগ সূত্র জানায়, পার্বত্য চট্টগ্রাম ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আওতাধীন হাজাছড়া রেঞ্জে সরকারিভাবে বনায়ন করা হয় ১৯৬২ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত। তখন সেগুন, গর্জন, গামারি ও ছাতিয়ান গাছ রোপণ করা হয়।
১৯৯৮ সালের ৮ অক্টোবর সরকার ১৯২৭ সালের বন আইনের (১৯২৭ সালের ১৬ নম্বর আইন) ২০ (গ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে হাজাছড়া রেঞ্জের ২৯ নম্বর ছোট মেরুং মৌজার এক হাজার ৭৫০ একর, ২৮ নম্বর রেংক্যার্যা মৌজার চার হাজার ৬০০ একর এবং ৫৬ নম্বর বড় হাজাছড়া মৌজার ছয় হাজারসহ মোট ১২ হাজার ৩৫০ একর এলাকাকে সংরক্ষিত বনাঞ্চল ঘোষণা করে। এসব সংরক্ষিত বনে এখন আর গাছের কোনো অস্তিত্ব নেই।
মেরুং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশারফ হোসেন বলেন, বন বিভাগের লোকজন এখানে আসেন না। সংরক্ষিত বনে প্রতিবছর তামাক চাষ হয়। দুর্গম এলাকা হওয়ায় কেউ বাধা দিতেও আসে না। তিনি বলেন, তামাকচুল্লিগুলো তামাক চাষের সাক্ষী। এ বছরও তামাক চাষের জন্য জমি তৈরি করা হচ্ছে। প্রতিবছর ভাসমান চাষিরা এসে তামাক চাষ করে আবার চলে যান।
এ ব্যাপারে একাধিবার চেষ্টা করেও হাজাছড়া রেঞ্জ কর্মকর্তা রেজাউল আলমের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তাঁর দুটি মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলুল জাহিদ বলেন, ‘আমিও তামাক চাষের অবস্থা ও তামাকচুল্লিগুলো দেখেছি। সংরক্ষিত বনের মধ্যে তামাক চাষ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য শিগগিরই বন বিভাগকে চিঠি দেওয়া হবে।’