দীঘিনালায় সিএসডির কার্যক্রম দেখলেন ভারতীয় কূটনীতিক
প্রতিবন্ধীদের শিক্ষা ও প্রশিক্ষণের জন্য গড়ে ওঠা সংগঠন কনসার্ন সার্ভিসেস ফর ডিজঅ্যাবলের (সিএসডি) কার্যক্রম পরিদর্শন করেছেন ভারতীয় কূটনীতিক সোমনাথ হালদার। গতকাল শুক্রবার সকালে খাগড়াছড়ির দীঘিনালার বাঘাইছড়ি মুখ এলাকায় সিএসডির কার্যালয়ে যান তিনি।
সিএসডির সভাপতি কৃপাময় চাকমার সভাপতিত্বে সেখানে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন এই কূটনীতিক। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান নবকমল চাকমা, কবি ও সাহিত্যিক অরুণ দাশগুপ্ত, সিএসডির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিশ্বজিত গুপ্ত বিশু ও চাঙমা সাংস্কৃতিক গোষ্ঠীর পরিচালক আনন্দ মোহন চাকমা উপস্থিত ছিলেন।
ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ বলেন, প্রত্যন্ত গ্রামে প্রতিবন্ধীদের কল্যাণে যে কার্যক্রম পরিচালিত হচ্ছে তা প্রশংসনীয়। কারিগরি প্রশিক্ষণ পাওয়ায় কারও দয়ার ওপর প্রতিবন্ধীদের নির্ভর করতে হবে না। তিনি প্রতিবন্ধীদের উন্নয়ন ও কল্যাণে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।