দীঘিনালার কথিত অপহূত মুরগি সেলিম সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালার কথিত অপহরণের শিকার মো. সেলিম (৩২) প্রকাশ মুরগি সেলিমকে দীঘিনালা থানা পুলিশের তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানা-পুলিশ গ্রেপ্তার করেছে। সোমবার রাতে পুলিশ বিশ্বম্ভরপুর থানার সিনাকান্দি বাজারের কাছে বালুরচর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। সেলিমকে আনার জন্য দীঘিনালা থানা থেকে গতকাল মঙ্গলবার পুলিশের একটি দল পাঠানো হয়েছে। পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, দীঘিনালার কাঁঠালতলী আর্দশ গ্রামের সেলিম ২০১০ সালে বিভিন্নজনের কাছ থেকে টাকা নিয়ে এলাকা থেকে গা ঢাকা দেন। পরে তাঁর স্ত্রী জ্যোৎস্না বেগম প্রতিপক্ষকে ফাঁসাতে ২০১০ সালের ১৩ এপ্রিল ছয়জনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত করে ২০১১ সালের ৩১ ডিসেম্বর আদালতে মামলটি মিথ্যা উল্লেখ করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। পরে জ্যোৎস্না বেগম নারাজি দিয়ে পুনঃ তদন্তের আবেদন করেন। পুলিশ মামলাটি নতুন কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে পুনরায় তদন্ত করে গত ১১ জানুয়ারি আদালতে প্রতিবেদন দাখিল করেন। গত ২৩ মে মামলার পাঁচজন সাক্ষী খাগড়াছড়ির বিচারিক হাকিমের আদালতে ১৬৪ ধারায় সেলিম পলাতক রয়েছেন মর্মে জবানবন্দি দেন। সেলিমকে অপহরণ ঘটনাসহ মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদ ও বিচারের দাবিতে তাঁর পরিবারের বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করে। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদাত হোসেন জানান, সেলিম অপহরণ ঘটনাটি নিয়ে পুলিশও নানা হয়রানির শিকার হয়েছে। তাঁকে গ্রেপ্তারের জন্য চট্টগ্রামের মিরসরাইসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। কিন্তু আগাম খবর পেয়ে তিনি পালিয়ে যান। সর্বশেষ সোমবার গোপন সংবাদে পুলিশ জানতে পারে, সেলিম সুনামগঞ্জের বালুচর নামক স্থানে তাঁর বোন হাজেরা খাতুনের বাড়িতে অবস্থান করছেন। পরে বিশ্বম্ভরপুর থানার পুলিশকে অনুরোধ করা হলে তারা তাকে গ্রেপ্তার করে। সেলিমকে আনার জন্য দীঘিনালা থানা থেকে একজন উপপরিদর্শক (এসআই) ও একজন সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) পুলিশের একটি দল পাঠানো হয়েছে। মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করার জন্য সেলিম ও তাঁর পরিবারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।