দীঘিনালার কোনো বিদ্যালয়ে নেই বিজ্ঞান গবেষণাগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালার কোনো উচ্চবিদ্যালয়ে বিজ্ঞান গবেষণাগার নেই। নেই হাতে-কলমে বিজ্ঞানশিক্ষার উপযুক্ত উপকরণ ও যন্ত্রপাতি। এর ফলে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ১৪টি উচ্চবিদ্যালয় আছে। এর মধ্যে দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয় ছাড়া বাকি ১৩টি বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে। এসব বিদ্যালয়ে বিজ্ঞানাগার ও বিজ্ঞানবিষয়ক শিক্ষা উপকরণ না থাকায় জেএসসি ও এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি ভালো হচ্ছে না। পাশাপাশি বিজ্ঞানশিক্ষায় পিছিয়ে পড়ছে শিক্ষার্থীরা।
সম্প্রতি দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষক না থাকায় ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে বিজ্ঞান ক্লাস নিয়মিত হয় না। পাশাপাশি কোনো বিজ্ঞান গবেষণাগার না থাকায় ব্যবহারিক ক্লাসও হয় না। বিদ্যালয়ের গণিতের শিক্ষক মুকুল চাকমা মাসে এক–দুবার নবম ও দশম শ্রেণিতে বিজ্ঞান বিষয়ে পাঠদান করেন।
কথা হয় বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী নুরুল আবছার, রুদ্র চক্রবর্তী ও মাহিন হকের সঙ্গে। তারা বলে, ‘গবেষণাগার না থাকায় বিজ্ঞানের ব্যবহারিক ক্লাস হয় না। পাশাপাশি বিজ্ঞান বিষয়ের শিক্ষক না থাকায় নিয়মিত ক্লাসও হয় না। ফলে আমরা পিছিয়ে পড়ছি।’
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশাপূর্ণ চাকমা বলেন, নবম ও দশম শ্রেণিতে বিজ্ঞান বিভাগে ১৩৯ জন শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়ে কোনো বিজ্ঞান গবেষণাগার নেই। একটি শ্রেণিকক্ষে কিছুসংখ্যক বিজ্ঞানের যন্ত্রপাতি রাখা হয়েছে। বিজ্ঞানের শিক্ষক না থাকায় নিয়মিত ক্লাসও হয় না।
বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাবুছড়া উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে ৬০ জন, বড়াদম উচ্চবিদ্যালয়ে ৬০ জন, ছোট মেরুং উচ্চবিদ্যালয়ে ১৪৫ জন ও অনাথ আশ্রম আবাসিক উচ্চবিদ্যালয়ে ৯০ জন শিক্ষার্থী রয়েছে। এসব শিক্ষার্থী বিজ্ঞান বিষয়ে ব্যবহারিক ক্লাস করার সুযোগ পায় না।
হাচিনসনপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আয়েশা আক্তার, রফিকুল ইসলাম, মো. ইসলমাইল বলে, বিদ্যালয়ে বিজ্ঞান গবেষণাগার নেই। কিছু ব্যবহারের অযোগ্য পুরোনো যন্ত্রপাতি আছে। বিজ্ঞানাগার ও পর্যাপ্ত যন্ত্রপাতি ছাড়া বিজ্ঞান বিষয়ে পাঠদান সম্ভব নয়।
হাচিনসনপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবপ্রিয় বড়ুয়া বলেন, বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণিতে বিজ্ঞান বিভাগে ২২ জন শিক্ষার্থী রয়েছে। বিজ্ঞান গবেষণাগার ও যন্ত্রপাতি না থাকায় এসব শিক্ষার্থী বিজ্ঞানচর্চা থেকে বঞ্চিত হচ্ছে।
এ ব্যাপারে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামসুল আলম বলেন, বিজ্ঞান গবেষণাগার না থাকায় এসএসসি পরীক্ষার্থীরা সংকটে পড়ছে। উপজেলার একমাত্র সরকারি উচ্চবিদ্যালয়ে অল্প কিছু সরঞ্জাম আছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শেখ শহিদুল ইসলাম বলেন, ‘বিদ্যালয়গুলোতে বিজ্ঞানাগার ও বিজ্ঞানচর্চার যন্ত্রপাতি নেই। এই ঘাটতি পূরণে আমরা ৪ মে উপজেলায় বিজ্ঞান ক্লাব গঠন করেছি। সেখানে যন্ত্রপাতি কেনার উদ্যোগ নিয়েছি। যত দিন বিদ্যালয়গুলোতে বিজ্ঞানাগার চালু হবে না, তত দিন পর্যন্ত শিক্ষার্থীরা এখানে এসে শিখতে পারবে।’