দীঘিনালার গুদামে পৌঁছেছে গম বোঝাই ট্রাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালার মেরুং খাদ্যগুদামে গতকাল মঙ্গলবার সকালে গমবোঝাই দুটি ট্রাক পৌঁছেছে।

খাদ্য পরিবহনের ঠিকাদার পঙ্কজ কুমার দাশ জানান, খাদ্যশস্যবোঝাই ট্রাক থামিয়ে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে চাঁদাবাজি, চালককে মারধর ও গাড়ির কাগজপত্র ছিনতাই করায় তাঁরা গত ২৬ অক্টোবর থেকে খাদ্যশস্য পরিবহন বন্ধ করে দেন। নিরাপত্তা দিলে তাঁরা অবশ্যই খাদ্যশস্য পরিবহন করবেন।

গতকাল মঙ্গলবার এ নিয়ে প্রথম আলোয় ‘সড়কে চাঁদাবাজি, খাদ্যশস্য পরিবহন বন্ধ করে দিলেন ঠিকাদারেরা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।

মেরুং খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শৈলেন্দ্র লাল চাকমা জানান, সোমবার চট্টগ্রাম নগরের গুদাম থেকে গমবোঝাই তিনটি ট্রাক ছেড়ে আসে। পথে একটি ট্রাক বিকল হয়ে পড়ে। বাকি দুটি ট্রাক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাহারায় গতকাল সকালে দীঘিনালার জামতলী পর্যন্ত আসে। সেখান থেকে ট্রাক দুটি নিরাপদে মেরুং খাদ্যগুদামে পৌঁছায়। ট্রাক দুটিতে ২২ মেট্রিক টন গম আছে।

খাগড়াছড়ি জেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুস সালাম প্রথম আলোকে বলেন, খাদ্যশস্য পরিবহনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেওয়া হচ্ছে।