দীঘিনালার গ্রামাঞ্চলে জাল টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালার গ্রামাঞ্চলে ছড়ানো হচ্ছে জাল টাকা। জাল টাকা চিহ্নিত করতে না পারায় সহজ-সরল আদিবাসী ও বাঙালিরা ঠকছেন।
সরেজমিনে মধ্যবেতছড়ি এলাকায় গিয়ে বিভিন্নজনের সঙ্গে কথা বলে জানা যায়, গত এক সপ্তাহ ধরে মধ্যবেতছড়ি এলাকার গ্রামীণ দোকানগুলোতে ৫০০ টাকার জাল নোট ধরা পড়ছে। কালাচাঁদ মহাজনপাড়ার মুদি দোকানদার জাহেদ আলী (৫৫) বলেন, ‘এক সপ্তাহ আগে আবু কালাম নামের এক যুবক ৫০০ টাকার নোট নিয়ে এসে দোকান থেকে কেনাকাটা করে। পরে জানতে পারি সেটি জাল নোট।’
মধ্যবেতছড়ি এলাকার দোকানদার আবদুর রব বলেন, ‘ফজর আলী নামের এক যুবক আমার দোকানে এসে ৫০০ টাকার নোট দিয়ে কেনাকাটা করতে চায়। পরে আমি তাকে নোটটি জাল বললে সে বলে আমাকে পরীক্ষা করছে নোট চিনি কি না। পরে সে নোটটি ফেরত নিয়ে যায়।’ মেরুং (উত্তর) শাখার যুবলীগের সাবেক সভাপতি আবদুল খালেক বলেন, ‘কিছুদিন আগে একটি গ্রাম্য সালিসিতে একটু মতবিরোধ হলে কয়েকজন যুবক আমার পকেটে একটি জাল ৫০০ টাকার নোট ঢুকিয়ে দিয়ে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেয়।’
দীঘিনালা থানার ওসি সাহাদাত হোসেন মধ্যবেতছড়ি এলাকার জাল নোট ছড়ানোর খবর পাওয়া বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, জাল নোট ছড়ানোর চক্রটিকে হাতেনাতে ধরার জন্য সোর্স নিয়োগ করা হয়েছে।