দীঘিনালার জেএমবি সদস্য বেলাল ১১ বছর পলাতক
নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য খাগড়াছড়ির দীঘিনালার রেংক্যার্যা এলাকার বেলাল হোসেন ১১ বছর ধরে পলাতক। স্বজনেরা বলছেন, পরিবারের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ নেই।
গতকাল শুক্রবার রেংক্যার্যা এলাকায় জেএমবির সদস্য বেলাল হোসেনের বাড়িতে কথা হয় তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে। বেলালের ছোট ভাই আল আমীন (১৮) বলেন, ১১ বছর আগে তাঁর ভাই বেলাল গ্রেপ্তারের ভয়ে বাড়ি থেকে পালিয়ে যান। ওই সময় তাঁর (আল আমীন) বয়স ছিল সাত বছর।
বেলালের বাবা নূরুল আলম বলেন, ১১ বছর ধরে বেলালের কোনো খোঁজ নেই। তিনি জানান, জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে ২০০৫ সালে তাঁকে রাঙামাটি থেকে গ্রেপ্তার করা হয়েছিল। ২২ দিন পর তিনি মুক্তি পান। তাঁর বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার প্রমাণ মেলেনি।
২০০৫ সালের ১৭ আগস্ট বোমা হামলার পর খাগড়াছড়ি সদর থানায় করা মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ ২০০৫ সালের ৩ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে বেলালকে পলাতক হিসেবে উল্লেখ করা হয়।