দীঘিনালার দুটি এলাকায় সেনাবাহিনীর সুপেয় পানি সরবরাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপেয় পানির সংকটে ভুগতে থাকা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নয় মাইল ও হাজাছড়া জোড়াব্রিজ এলাকার বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। গতকাল শুক্রবার সকালে দুটি এলাকায় দীঘিনালা সেনাজোনের পক্ষ থেকে পানির দুটি গাড়ি (প্রতিটিতে ৪০০ গ্যালন) পাঠানো হয়। দুই শতাধিক পরিবারের সদস্যরা কলস, বালতি ও ড্রামে করে বিশুদ্ধ পানি সংগ্রহ করেন।
নয় মাইল এলাকাটি দীঘিনালা উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের আওতাভুক্ত। এই ওয়ার্ডের ইউপি সদস্য গণেশ ত্রিপুরা বলেন, এলাকায় বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই। বিশেষ করে ফাল্গুন-চৈত্র মাসে পানি-সংকট চরম আকার ধারণ করে। সেনাবাহিনীর সদস্যরা গতকাল সকালে পানির গাড়ি নিয়ে এসে এলাকাবাসীর মধ্যে পানি বিতরণ করেছেন।
গত বুধবার প্রথম আলোর ‘দীঘিনালার শতাধিক গ্রামে বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
গতকাল সকালে পানি নিতে আসা নয় মাইল এলাকার অনুমতি ত্রিপুরা, কৃষ্ণা ত্রিপুরা, কল্পনা ত্রিপুরা, দীপিলী ত্রিপুরা ও মিতালী ত্রিপুরা প্রথম আলোকে বলেন, অনেক দূরে গিয়ে পাহাড়ের নিচ থেকে পানি সংগ্রহ করতে হয় তাঁদের। শুষ্ক´মৌসুমে কুয়ায় খুব একটা পানি পাওয়া যায় না। সেনাবাহিনীর পানি বিতরণের কারণে তাঁদের কষ্ট কিছুটা হলেও লাঘব হয়েছে।
নয় মাইলের পাশাপাশি হাজাছড়া জোড়াব্রিজ এলাকায়ও গতকাল সকালে পানি বিতরণ করেছে সেনাবাহিনী। এলাকাটি ৩ নম্বর কবাখালী ইউপির ২ নম্বর ওয়ার্ডের আওতাভুক্ত। প্রতিদিন পানি বিতরণ করার জন্য সেনাবাহিনীর কাছে অনুরোধ জানান ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের সদস্য সীমা দেওয়ান।
এ বিষয়ে দীঘিনালা সেনাজোনের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়া উদ্দিন মাহমুদ প্রথম আলোকে বলেন, প্রথম আলোর প্রতিবেদন পড়ে পানি-সংকটের বিষয়টি তাঁরা জানতে পারেন। দুটি পানির ট্যাংক দিয়ে গতকাল থেকে নয় মাইল ও হাজাছড়া এলাকায় পানি বিতরণ শুরু করেছেন তাঁরা। বাবুছড়া ইউনিয়নেও তাঁরা পানি বিতরণ করবেন। আপাতত দুই এলাকায় প্রতিদিন সকালে পানি বিতরণ করা হবে।