দীঘিনালার দুর্গম এলাকার বিদ্যালয় ভবন নির্মাণে ঠিকাদারদের অনাগ্রহ
খাগড়াছড়ির দীঘিনালায় দুর্গম এলাকায় নির্মাণসামগ্রী পৌঁছানোর পরিবহন সমস্যার কারণে প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণে ঠিকাদারদের আগ্রহ নেই। চারবার দরপত্র আহ্বান করার পরও ঠিকাদারেরা অংশ না নেওয়ায় উল্টাছড়ি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ প্রকল্প বাতিল করা হয়েছে। ঠিকাদারদের দাবি, দরপত্রের প্রাক্কলিত ব্যয়ে কাজ নিলে আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন, এ কারণে দরপত্রে অংশগ্রহণে তাঁদের আগ্রহ নেই। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও ঠিকাদারদের তথ্য মতে, প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের (তৃতীয়) আওতায় ৩৬ লাখ ২০ হাজার টাকা প্রাক্কলিত মূল্যে উপজেলার পাঁচ নম্বর বাবুছড়া ইউনিয়নের উল্টাছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণের জন্য প্রথম পর্যায়ে ২২ জানুয়ারি দরপত্র আহ্বান করা হয়। কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্রে অংশ না নেওয়ায় ১৯ মার্চ দ্বিতীয় পর্যায়ে দরপত্র আহ্বান করা হয়। দ্বিতীয় পর্যায়ে বিদ্যালয় ভবন নির্মাণের প্রাক্কলিত ব্যয়ের চেয়ে ১২ লাখ ৬০ হাজার ৫১৯ টাকা ঊর্ধ্বদরে বিতারণ চাকমা নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান অংশ নেয়। সেটি অনুমোদন না হওয়ায় ৩০ জুলাই ও ২৫ সেপ্টেম্বর তৃতীয় ও চতুর্থবার দরপত্র আহ্বান করলে কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান অংশ না নেওয়ায় প্রকল্পটি বাতিল হয়ে যায়। ২৫ সেপ্টেম্বর অনেন্দ কার্বারী পাড়া ও উত্তর রাঙ্গাপানিছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে এক কোটি দুই লাখ ৮০ হাজার টাকা প্রাক্কলিত মূল্যে দরপত্র আহ্বান করা হয়। বিদ্যালয় দুটির ভবন নির্মাণেও একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ছাড়া কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান অংশ নেয়নি। বিদ্যালয় দুটির ভবন নির্মাণে বিতারণ চাকমা নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রাক্কলিত মূল্যের ২৪ শতাংশ ঊর্ধ্বদরে এক কোটি ২৮ লাখ ৪১ হাজার ৭৮১ টাকার দরপত্রে অংশগ্রহণ করে। বিদ্যালয় ভবন দুটির দরপত্র অনুমোদনের জন্য ১ নভেম্বর এলজিইডির প্রধান কার্যালয়ে পাঠানো হলেও এখনো অনুমোদন পাওয়া যায়নি। উল্টাছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তিময় চাকমা বলেন, বর্তমানে বিদ্যালয়ের যে ঘরটি রয়েছে তা যেকোনো সময় ধসে পড়তে পারে। বিদ্যালয় ভবন নির্মাণের খবর শুনে খুশি হয়েছিলাম। কিন্তু এখন শুনছি প্রকল্পটি বাতিল হয়েছে। রাস্তা না থাকায় নির্মাণসামগ্রী আনতে সমস্যা। তবে গ্রামবাসী নিজেরা মালামাল বহন করতে রাজি ছিল। ঠিকাদার বিতারণ চাকমা বলেন, ‘দুর্গম এলাকার বিদ্যালয় ভবন নির্মাণের বড় সমস্যা নির্মাণসামগ্রী পরিবহন করা। বিদ্যালয়গুলোতে গাড়ি চলাচলের রাস্তা না থাকায় চার-পাঁচ কিলোমিটার পর্যন্ত শ্রমিক দিয়ে মালামাল পরিবহন করতে হবে। এতে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হব।’ ঠিকাদার অরবিন্দ দে বাবুল বলেন, গাড়ি চলাচলের রাস্তা না থাকায় দুর্গম এলাকার বিদ্যালয়গুলোর ভবন নির্মাণের দরপত্রে ঠিকাদারেরা অংশ নিতে চান না। ভবন নির্মাণে প্রাক্কলিত যে ব্যয় তা মালামাল পরিবহনেই খরচ হয়ে যাবে। মালামাল পরিবহনে আলাদা বরাদ্দ থাকলে ঠিকাদারেরা দরপত্রে অংশ নিতে আগ্রহী হতো। এ প্রসঙ্গে এলজিইডির উপজেলা প্রকৌশলী প্রশান্ত কুমার হাওলাদার বলেন, ঠিকাদারেরা দরপত্রে অংশ না নেওয়ায় চারবার দরপত্র আহ্বান করার পর একটি বিদ্যালয়ের ভবন নির্মাণের প্রকল্প বাতিল হয়েছে। দুর্গম এলাকার আরও দুটি বিদ্যালয়ের ভবন নির্মাণের দরপত্রে মাত্র একজন ঠিকাদার অংশ নিয়েছেন। দুর্গম এলাকার বিদ্যালয়ের ভবন নির্মাণে সমস্যার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।