দীঘিনালার দেড় হাজার চাষির মুখে হাসি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালার ১ নম্বর মেরুং ইউনিয়নের দেড় হাজার চাষির মুখে হাসি নেই। এবার এসব আমনচাষির পরিবারে নতুন ধানও ওঠেনি। গত ১১ অক্টোবর আকস্মিক বন্যায় ছোট মেরুং এলাকার আটটি কৃষি ব্লকের আমন ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। সরকারিভাবেও কৃষক পরিবারগুলো কোনো সাহায্য-সহযোগিতা পায়নি। কৃষি বিভাগের তথ্যমতে, আকস্মিক বন্যায় মেরুং ইউনিয়নের আটটি কৃষি ব্লকে কৃষকের ক্ষতি হয়েছে ২৭ কোটি টাকা। বন্যায় ক্ষতি না হলে আমন মৌসুমে এক হাজার ৭৭৩ মেট্রিক টন ধানের বিপরীতে এক হাজার ১৮২ মেট্রিক টন চাল পাওয়া যেত।মেরুং এলাকার দুর্গম নেত্রজয় কার্বারিপাড়ার কৃষক শান্তিময় চাকমা বলেন, ‘এ বছর সাড়ে ছয় একর জমিতে আমন চাষ করেছিলাম। কিন্তু হঠাৎ বন্যায় সব শেষ হয়ে গেছে।’ গ্রামের জ্ঞানরঞ্জন চাকমা, রাজধন চাকমা, জ্যোতি বিকাশ চাকমা ও জনার্দন চাকমা জানান, এ বছর জমি থেকে এক মণ ধানও পাননি। সরকারিভাবেও কোনো সাহায্য পাননি। প্রতিবছর ধান বিক্রি করে সংসার চালাতেন। এ বছর সংসার কীভাবে চালাবেন, তা নিয়ে চিন্তায় আছেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম বলেন, হাজাছড়া এলাকার ২৫০ জন চাষি এবার আমন মৌসুমে কোনো ধান পাননি। অন্যান্য বছর আমন মৌসুমে নতুন ধান উঠলে গ্রামে উৎসবের আমেজ থাকত।ছোট মেরুং কৃষি ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা হুমায়ুন কবীর, বড় মেরুং এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তা অসিম চাকমা ও রেংক্যার্যা এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তা সমীরণ চাকমা বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকের চিত্র দেখে তাঁদেরও খুব খারাপ লাগে। জমির পাকা ধানগুলো কাটার কয়েক দিন আগেই বন্যা সব নষ্ট করে দিয়েছে। এবার মেরুং এলাকায় আমনের বাম্পার ফলন হয়েছিল। তাঁরা ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে উপজেলা কার্যালয়ে জমা দিয়েছেন।উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সালাউদ্দিন ক্ষতিগ্রস্ত কৃষকেরা সরকারি কোনো সাহায্য পাননি বলে স্বীকার করে জানান, আকস্মিক বন্যায় মেরুং এলাকায় আমনচাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা উপজেলা কার্যালয়ে রয়েছে।