দীঘিনালার পাহাড়ে চলছে হরিণ শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালার পাহাড়গুলোতে চলছে হরিণ শিকার। প্রতিবছর মার্চ ও এপ্রিলে হরিণ শিকার বেড়ে যায়। স্থানীয় লোকজন এ কথা জানিয়েছেন। স্থানীয় লোকজন জানান, জুম চাষের জন্য পাহাড়ে দেওয়া আগুন থেকে প্রাণ বাঁচাতে অনেক সময় হরিণ লোকালয়ে ঢুকে পড়ে। এ সুযোগে কিছু লোক হরিণ ধরে জবাই করে মাংস ভাগ করে নেন। গত এক সপ্তাহে উপজেলার কবাখালী ইউনিয়নের বিভিন্ন গ্রামে ১০টির মতো হরিণ জবাই হয়েছে। গত শুক্রবার দুপুরে কবাখালীর মুসলিমপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, কয়েকজন ব্যক্তি একটি হরিণ জবাই করে শরীর থেকে চামড়া আলাদা করছেন। তাঁরা জানান, দুপুর ১২টার দিকে হরিণটি গ্রামে ঢুকে পড়লে তাঁরা কয়েকজন সেটিকে ধরে জবাই করেন। কবাখালী এলাকার আবুল খায়েরসহ কয়েকজন ব্যক্তি জানান, প্রতিদিন সন্ধ্যা নামতেই হরিণ দল বেঁধে জমিতে চলে আসে। কয়েক দিন আগে তারাবুনিয়া এলাকায় দুটি হরিণ জবাই করে মাংস ভাগ করে নিয়েছেন লোকজন। অমূল্য চাকমা ও বিনয় চাকমা নামের দুই ব্যক্তি জানান, জুম চাষের উপযোগী করার জন্য প্রতিবছর মার্চ ও এপ্রিলে পাহাড়গুলোতে আগুন দেওয়া হয়। এ সময় লোকালয়ে হরিণের বিচরণ বেড়ে যায়। পোমাংপাড়া এলাকার দীপঙ্কর ত্রিপুরাসহ কয়েকজন গ্রামবাসী জানান, হরিণ শিকার করে গ্রামে গ্রামে ফেরি করে মাংস বিক্রি করা হয়। শিকারিরা হরিণ শিকারে দেশে তৈরি বন্দুক ও রশির তৈরি বিশেষ ফাঁদ ব্যবহার করে।খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতি প্রদীপ চৌধুরী বলেন, বিভিন্ন এলাকায় হরিণ মেরে গোপনে মাংস বিক্রি করা হয়। তিনি বলেন, জনসাধারণকে বন্য প্রাণী সংরক্ষণ সম্পর্কে সচেতন করা দরকার। এ ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্য, হেডম্যান, কার্বারি এবং গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করে সচেতনতা তৈরির উদ্যোগ নিতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি কে এম এনামুল করিম বলেন, সম্প্রতি হরিণ মারার বিষয়টি ব্যাপকভাবে শোনা যাচ্ছে। তবে হরিণ মারা ও মাংস বিক্রির সময় কেউ প্রশাসনকে খবর দেয় না। এ কারণে জড়িত ব্যক্তিদের ধরা সম্ভব হচ্ছে না।