দীঘিনালার প্রত্যন্ত এলাকায় বিদ্যালয় উদ্বোধন
খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার নয়মাইলে গতকাল মঙ্গলবার নয়মাইল ত্রিপুরাপাড়া নিম্নমাধ্যমিক বিদ্যালয় উদ্বোধন করা হয়েছে। এই বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে খাগড়াছড়ি সদর ও দীঘিনালা উপজেলার অন্তত সাতটি গ্রামের ৫০০ পরিবার শিক্ষার আলো পাবে।খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা ও খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মামুন অর রশীদ ফিতা কেটে বিদ্যালয়টি উদ্বোধন করেন।খাগড়াছড়ি সদর ও দীঘিনালা উপজেলার একটি বৃহৎ অংশজুড়ে কয়েকটি প্রাথমিক বিদ্যালয় থাকলেও কোনো মাধ্যমিক বিদ্যালয় নেই। এই এলাকার ছাত্রছাত্রীদের খাগড়াছড়ি সদর অথবা দীঘিনালায় গিয়ে পড়াশোনা করতে হয়। এলাকার জনসাধারণ বিদ্যালয়টি প্রতিষ্ঠার উদ্যোগ নিলে খাগড়াছড়ি সেনা রিজিয়ন দীঘিনালা সেনা জোনের সহায়তায় বিদ্যালয়ের একটি টিনশেড ঘর নির্মাণ করে দেয়। এই টিনশেড ঘরেই আনুষ্ঠানিকভাবে নয়মাইল ত্রিপুরাপাড়া নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের যাত্রা শুরু হলো।উদ্বোধনী অনুষ্ঠানে কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, বিদ্যালয়টি প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই এলাকার মানুষের শিক্ষার আলো পাওয়ার পথ সুগম হলো। তিনি নবপ্রতিষ্ঠিত বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মামুন অর রশীদ বলেন, পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি এলাকার উন্নয়ন ও শিক্ষার প্রসারে সেনাবাহিনী কাজ করে যাবে।