দীঘিনালার শতাধিক গ্রামে বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার শতাধিক গ্রামে বিশুদ্ধ পানির সংকট চলছে। এসব গ্রামের বাসিন্দারা ছড়া ও কুয়ার পানি পান করেন। এই পানিতে পোকা মরে থাকে। আবর্জনা থাকে। যে কারণে ডায়রিয়াসহ পানিবাহিত বিভিন্ন রোগে প্রায় সারা বছরই ভুগছে মানুষ। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা জানান, দুর্গম পাহাড়ি এলাকার বেশির ভাগ গ্রামে মাটির নিচে পাথর থাকায় নলকূপ স্থাপন করা সম্ভব হয় না।

উপজেলার ৫ নম্বর বাবুছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুগতপ্রিয় চাকমা বলেন, তাঁর ইউনিয়নের গ্রাম রয়েছে ৪৪টি। এর মধ্যে ১৮টি গ্রামেই কোনো নলকূপ নেই। বিভিন্ন উন্নয়ন সংস্থার কাছে তদবির করেও গভীর নলকূপ স্থাপন করা সম্ভব হয়নি।

কবাখালী ইউনিয়নের হাজাছড়া জোড়াব্রিজ নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল কান্তি চাকমা বলেন, বিদ্যালয়ে ১৯৬ জন শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়ের পাশে একটি পাতকূপের নলকূপ থাকলেও পানিতে দুর্গন্ধ। শিক্ষার্থীরা কুয়ার পানি পান করে।

জোড়াব্রিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিরোহিত দেওয়ান বলেন, বিদ্যালয়ে ১৬৫ জন শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়ের পাশে একটি নলকূপ থাকলেও সেটি অকেজো, পানি উঠে না।

মেরুং ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও নয় মাইল এলাকার বাসিন্দা গণেশ ত্রিপুরা বলেন, তাঁর ওয়ার্ডে ১২টি গ্রামের ৬টিতেই নলকূপ নেই।

সরেজমিনে উপজেলার জাম্বুরাপাড়া, ভেতর তারাবনীয়া, হাজাছড়া জোড়া ব্রিজ, শুকনাছড়ি, দশ নম্বর নতুনপাড়া, রথিচন্দ্র কার্বারীপাড়া, সীমানাপাড়া, জিরক পাড়া, হেমনপাড়া, নয় মাইলসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বেশির ভাগ গ্রামে জমির পাশে কুয়া খনন করে সেই পানি পান করে মানুষ।

সীমানাপাড়া গ্রামের প্রধান (কার্বারী) চয়ন ত্রিপুরা বলেন, গ্রামের শতাধিক পরিবার ও একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের একমাত্র ভরসা ৩০০ ফুট নিচে পাহাড়ি ছড়ার পানি।

জোড়াব্রিজ এলাকার বাসিন্দা সাবেক ইউপি সদস্য অমিয় বিকাশ চাকমা বলেন, দেড় শতাধিক পরিবার কুয়ার পানিই পান করে।

শুকনাছড়ি গ্রামের প্রধান (কার্বারী) সুরেশ বিহারী চাকমা বলেন, গ্রামের কোনো না কোনো পরিবারে ডায়রিয়ার রোগী থাকবেই।

রথিচন্দ্র কার্বারীপাড়া এলাকার পলেন ত্রিপুরা, বুজেন্দ্র ত্রিপুরা, জাম্বুরাপাড়ার সমাপ্তি চাকমা, পূর্ণদেবী চাকমা, জোড়াব্রিজ এলাকার সুখী চাকমা, প্রার্থনা চাকমা জানান, পাহাড়ি গ্রামের নলকূপ স্বপ্নের মতো। তাঁরা যুগ যুগ ধরে ছড়া ও কুয়ার পানি পান করে আসছেন। ডায়রিয়া রোগে আক্রান্ত হলেও কোনো উপায় নেই। বাধ্য হয়ে ছড়া ও কুয়ার পানিই পান করতে হয়।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম সরকার প্রথম আলোকে বলেন, দুর্গম অনেক এলাকায় নলকূপ স্থাপনের চেষ্টা করা হয়েছে। কিন্তু মাটির নিচে পাথর থাকায় নলকূপ স্থাপন করা সম্ভব হয়নি। তবে কুয়া বা ঝরনার পানি সংগ্রহ করে সরবরাহ করলে সমস্যাটা দূর হতো। কিন্তু এ ধরনের প্রকল্প গ্রহণে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বরাদ্দ নেই।

এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা বলেন, উপজেলার শতাধিক গ্রামে বিশুদ্ধ পানির সমস্যা থাকলেও তা সমাধানের ক্ষমতা ও অর্থ পরিষদের নেই। দুর্গম এলাকার মানুষের সুপেয় পানির সমস্যা দূর করতে সরকারকে এগিয়ে আসতে হবে।