দীঘিনালার শতাধিক গ্রামে বিশুদ্ধ পানির সংকট
খাগড়াছড়ির দীঘিনালার শতাধিক গ্রামে বিশুদ্ধ পানির সংকট রয়েছে। এসব গ্রামের বাসিন্দারা পাহাড়ি ছড়া ও কুয়ার পানির ওপর নির্ভরশীল।
সরেজমিনে দেখা যায়, সীমানাপাড়া গ্রাম থেকে দুই কিলোমিটার দূরের একটি ছড়ার নোংরা পানিতে গোসল করছেন ধনেশ্বর ত্রিপুরা নামের এক ব্যক্তি। তিনি বলেন, ‘এ নোংরা পানিই সীমানাপাড়া গ্রামের ৮০টি পরিবারের ভরসা। আমরা এই পানিতে গোসল এবং এ পানিই পান করি।’
গ্রামের সরমতি ত্রিপুরাসহ কয়েকজন বলেন, ‘সকালে জুমে যাওয়ার সময় আমরা পানির কলসি ও পাতিল নিয়ে যাই। ফেরার সময় ছড়া থেকে পানি সংগ্রহ করে নিয়ে আসি। এ পানিই পান করছি।’
ভিতর তারাবুনিয়া গ্রামের অনুরূপা চাকমা, ধনঞ্জয় চাকমা ও নয়নধন চাকমা জানান, ছড়ার পানি পান করে ২০১০ সালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এই গ্রামের চারজন মারা যায়। গ্রামের মায়াদেবী চাকমা জানান, পানির সমস্যার কারণে গ্রামের মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়।
হেডম্যানপাড়া গ্রামের জ্যোৎস্না আক্তার, নুরবানু, মমতাজ বেগম, নুরজাহান ও গনি মিয়া জানান, গ্রামে পানির ব্যবস্থা বলতে বাঘাইহাট সড়কের পাশের একটি চৌবাচ্চার পানি। শতাধিক পরিবার ওই চৌবাচ্চার পানির ওপর নির্ভরশীল। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, মেরুং ইউনিয়নের শিবছড়ি, তৈদুছড়া, বগাপাড়া, বুদ্ধমাপাড়া ও রেংক্যার্যা; বাবুছড়া ইউনিয়নের জারুলছড়ি, নাড়াইছড়ি, মনোরথ তালুকদারপাড়া ও ধনপাতা; বোয়ালখালী ইউনিয়নের মায়াফাপাড়া ও তেভাংছড়া; কবাখালী ইউনিয়নের ২ নম্বর কবাখালী, জাম্বুরাপাড়া, ভিতর তারাবুনিয়াসহ শতাধিক গ্রামে বিশুদ্ধ পানির সংকট রয়েছে।
কবাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিশ্বকল্যাণ চাকমা জানান, গ্রামগুলোয় যুগ যুগ ধরে পানির সমস্যা চলছে। গ্রামগুলোয় যদি রিংওয়েল স্থাপন করা হলে পানির সমস্যা কিছুটা লাঘব হবে। মেরুং ইউপির চেয়ারম্যান মোশারফ হোসেন বলেন, ‘উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন হচ্ছে মেরুং। এই ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামেই বিশুদ্ধ পানির সমস্যা রয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে আমরা প্রতিবছর টিউবওয়েল ও রিংওয়েলের জন্য চাহিদাপত্র দিই। কিন্তু বরাদ্দ মেলে মাত্র চার থেকে পাঁচটি।’
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দীঘিনালার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম সরকার উপজেলার বিভিন্ন গ্রামে পানির সমস্যার কথা স্বীকার করে বলেন, ‘অনেক এলাকায় মাটির নিচে পাথর থাকায় নলকূপ স্থাপন করা সম্ভব হয় না। আর আমরা বছরে বরাদ্দ পাই ৮ থেকে ১০টি রিংওয়েল। তা দিয়ে বিশাল এলাকার পানির সমস্যা সমাধান করা সম্ভব হয় না।’