দীঘিনালার হলুদ চাষিদের মুখে হাসি নেই
হলুদের অস্বাভাবিক দরপতন চাষিদের মুখের হাসি কেড়ে নিয়েছে। গেল বছর শুকনা হলুদের মণ ছিল ১২ হাজার টাকা। এবার তা বিক্রি হচ্ছে আড়াই হাজার টাকায়।দাম কমেছে কাঁচা হলুদেরও। গত বছর কাঁচা হলুদের মণ ছিল এক হাজার ২০০ টাকা। চলতি বছর বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকায়।গত বছর যেসব চাষি হলুদ চাষ করেননি, এবার তাঁরাও লাভের আশায় হলুদের চাষ করেন। এমনকি পাহাড়ের অনেক জুমচাষি অন্য ফসল বাদ দিয়ে বেশি লাভের আশায় শুধু হলুদের চাষ করেন। কিন্তু এবার ফলন ভালো হলেও দর পড়ে যাওয়ায় কমবেশি সবাই লোকসানের মুখে পড়েছেন।স্থানীয় কৃষি সমপ্রসারণ অধিপ্তর সূত্র জানায়, চলতি বছর দীঘিনালা উপজেলায় ৭৫০ হেক্টর জমিতে হলুদের আবাদ হয়েছে। গত বছর এর প্রায় অর্ধেক জমিতে চাষ হয়েছিল।দারস চন্দ্র কার্বারিপাড়ার হলুদচাষি বিকাশ চাকমা বলেন, ‘গত বছর বাজারে হলুদের দর ভালো থাকায় লাভের আশায় দুই একর জমিতে হলুদের চাষ করেছিলাম। এখন দেখছি বাজারে যেই দর, তাতে আমার ৬০ থেকে ৭০ হাজার টাকা লোকসান হবে।’নুনছড়ি ডিপিপাড়ার সবিতা চাকমা জানান, লাভের আশায় দাদন নিয়ে হলুদ চাষ করেছিলাম। এখন হলুদ বিক্রি করে দাদনের টাকাও শোধ করতে পারব না।তারাবুনীয়া গ্রামের রত্না চাকমা জানান, গত বছর বাজারে হলুদ নিয়ে এলে ব্যাপারিদের কাড়াকাড়ি লেগে যেত। এ বছর ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেও ক্রেতা মিলছে না।হাগলাছড়ার সুমঙ্গল চাকমা, ভৈরফা নোয়াপাড়া গ্রামের দেবেন্দ্র বৈষ্ণব, জোড়াব্রিজ এলাকার তপন চাকমা এবং বাঘাইহাটের রতিময় চাকমা ও অনিল চাকমা জানান, হলুদের দাম বাড়ার আশায় তাঁরা কয়েকবার হাট থেকে হলুদ ফেরত নিয়ে যান। কিন্তু এর পর দাম আরও কমেছে।পাইকারি হলুদ ব্যবসায়ী বাঁচা সওদাগর বলেন, ‘চাষিদের চেয়ে আমাদের অবস্থা আরও করুণ। হঠাৎ দরপতনের কারণে কয়েক লাখ টাকা লোকসান হয়েছে।’হলুদ ব্যবসায়ী অজিত দে জানান, ‘দর ওঠানামা করায় চাষি ও ব্যবসায়ী উভয়েই ক্ষতির শিকার হচ্ছি।’ দর কমে যাওয়া প্রসঙ্গে খাগড়াছড়ি কৃষি সমপ্রসারণ অধিপ্তরের উপপরিচালক হাসিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমাদের দায়িত্ব উৎপাদনের বিষয়টি দেখা। বাজারে দরপতনের কারণ আমাদের দেখার বিষয় নয়।’