অবশেষে খাগড়াছড়ির দীঘিনালার ১৭টি গ্রামের আদিবাসী শিশুদের মাধ্যমিক শিক্ষা লাভের দুর্ভোগ লাঘব হয়েছে। মাধ্যমিক শিক্ষা লাভের সুবিধার্থে হাজাছড়া জোড়াব্রিজ নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের নতুন যাত্রা শুরু হয়েছে গতকাল সোমবার।দীঘিনালা সেনা তেজস্বী বীর সাড়ে আট লাখ টাকা ব্যয়ে আদিবাসী শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়টি নির্মাণ করে দেয়। নতুন বিদ্যালয়টির উদ্বোধন করেন খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেডের আঞ্চলিক অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামসুল ইসলাম। গত বছর ২৪ মার্চ প্রথম আলোয় ‘গাড়ি না পেলে বাড়ি ফেরত’ শিরোনামে ১৭টি গ্রামের আদিবাসী শিক্ষার্থীদের মাধ্যমিক শিক্ষা লাভের দুর্ভোগের একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পর দীঘিনালা সেনা তেজস্বী বীর হাজাছড়া এলাকায় ৮ অক্টোবর নিম্নমাধ্যমিক বিদ্যালয় নির্মাণ শুরু করে।হাজাছড়া জোড়াব্রিজ নিম্নমাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অমিয় চাকমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেডের আঞ্চলিক অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামসুল ইসলাম। আগের দুর্ভোগের চিত্র তুলে ধরেন সেনা তেজস্বী বীরের অধিনায়ক লে. কর্নেল হাফিজ মাহমুদ। নতুন এই বিদ্যালয়ের শিক্ষার্থী সপ্তম শ্রেণীর বিপুলী চাকমা বলে, ‘এত দিন আমরা খুব কষ্ট করে অনেক দূরে বিদ্যালয়ে গিয়ে পড়ালেখা করতাম। আজ থেকে আমাদের সে কষ্ট আর থাকবে না।’ ষষ্ঠ শ্রেণীর ককিনা চাকমা, রেনিতা চাকমা, অষ্টম শ্রেণীর প্রিয়াংকা চাকমাসহ অন্য শিক্ষার্থীরাও একই কথা জানাই।