দীঘিনালার ২১ পরিবারকে পুনর্বাসন করা হচ্ছে
খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়ায় ৫১ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তর স্থাপনের কারণে ক্ষতিগ্রস্ত ২১টি পরিবারকে পুনর্বাসন করা হচ্ছে। পরিবারগুলোকে পুনর্বাসনের জন্য কত টাকা লাগবে, সে-সংক্রান্ত একটি হিসাব বিজিবির কাছে দিয়েছে দীঘিনালা ইউনিয়ন পরিষদ (ইউপি)। গতকাল সোমবার ৫১ বিজিবির সদর দপ্তরে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা জানানো হয়।
২০১৪ সালের ১১ জুন থেকে ওই ২১ পরিবার বাবুছড়া কৃষি ব্লকের একটি পরিত্যক্ত কার্যালয়ে বসবাস করছে।
গতকাল আয়োজিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যেবক্তব্য দেন বিজিবির খাগড়াছড়ি সেক্টরের অধিনায়ক কর্নেল সাজ্জাদ হোসেন, ৫১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কামাল আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান নব কমল চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ হোসেন চৌধুরী, দীঘিনালা ইউপি চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, বাবুছড়া ইউপি চেয়ারম্যান সুগতপ্রিয় চাকমা, উপজেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি প্রান্তর চাকমা, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম।
দীঘিনালা ইউপি চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা বলেন, প্রতি পরিবারের জায়গা কেনার জন্য ৫০ হাজার টাকা, একটি টিনশেড পাকা ঘর, নলকূপ বসানো এবং পায়খানা তৈরির জন্য ৫ লাখ ১০ হাজার টাকার বরাদ্দ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া একটি বৌদ্ধবিহার নির্মাণের জন্য নয় লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে।
লে. কর্নেল কামাল আহমেদ বলেন, ‘২১টি পরিবারকে পুনর্বাসনের জন্য যে প্রস্তাব দেওয়া হয়েছে, তা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। আশা করছি, কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করবে।’ তিনি বলেন, ‘২১টি পরিবারের সমস্যার বিষয়টি কীভাবে সমাধান করা
যায়, সে ব্যাপারে আমরা জনপ্রতিনিধি, প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কয়েক দফা বৈঠকও করেছি।’
কর্নেল সাজ্জাদ হোসেন বলেন, ‘২১টি পরিবারকে পুনর্বাসনের জন্য যে প্রস্তাব দেওয়া হয়েছে, আমরা সে প্রস্তাব নিয়ে অগ্রসর হচ্ছি। সবাই ইতিবাচক মনোভাব নিয়ে আমাদের সহযোগিতা করলে সমস্যার সমাধান হবেই।’