দীঘিনালার ৩৩ কেন্দ্রের তিনটিতে বিচ্ছিন্ন সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির দীঘিনালার কবাখালী ইউনিয়নে একটি কেন্দ্রে সংঘর্ষের সময় পুড়িয়ে দেওয়া হয় মোটরসাইকেল l ছবি: প্রথম আলো
খাগড়াছড়ির দীঘিনালার কবাখালী ইউনিয়নে একটি কেন্দ্রে সংঘর্ষের সময় পুড়িয়ে দেওয়া হয় মোটরসাইকেল l ছবি: প্রথম আলো

খাগড়াছড়ির দীঘিনালায় তিনটি ইউনিয়নের ৩৩টি কেন্দ্রের মধ্যে তিনটিতে বিচ্ছিন্ন সংঘর্ষ হয়েছে। এ ছাড়া নির্বাচন ছিল শান্তিপূর্ণ। প্রতিটি কেন্দ্রে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। নির্বাচনী সরঞ্জাম নিয়েও বিড়ম্বনায় পড়তে হয়েছে প্রিসাইডিং কর্মকর্তাদের। কয়েকটি কেন্দ্রে ভোট দেওয়ার সময় সিল ভেঙে গেছে। পরে এসব কেন্দ্রে আবার সিল সরবরাহ করা হয়।
১ নম্বর মেরুং ইউনিয়ন ও ৩ নম্বর কবাখালী ইউনিয়নে দুজন সাধারণ সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। বিচ্ছিন্ন ঘটনায় ওই দুটি ইউনিয়নের তিনটি কেন্দ্রে আধা ঘণ্টার মতো ভোট গ্রহণ বন্ধ ছিল। ২ নম্বর বোয়ালখালী সদর ইউনিয়নের কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
গতকাল দুপুরে কবাখালী ইউনিয়নের হাচিনসনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট ও আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর হোসেনকে অপহরণের গুজব ছড়িয়ে পড়লে এলাকায় উত্তজনা দেখা দেয়। এ সময় কেন্দ্রের পাশে পোড়ানো হয় একটি মোটরসাইকেল। এ ঘটনায় দক্ষিণ হাচিনসনপুর গ্রামের আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্বৃত্তরা গ্রামের কৃষক চিক্কুমনি চাকমার বসতঘরে আগুন ধরিয়ে দেয়। ঘটনার সঙ্গে সঙ্গে সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা সেখানে যান এবং আগুন নেভানোর চেষ্টা করেন।
হাচিনসনপুর গ্রামের বাসিন্দা মো. হান্নান অভিযোগ করেন, ‘দুপুরে জাল ভোট দেওয়ার চেষ্টা করেন কয়েকজন পাহাড়ি। বাধা দিলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এ সময় খবর আসে চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর হোসেনকে অপহরণ করা হয়েছে। এতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে।’
বেলা সাড়ে ১১টায় মেরুং ইউনিয়নের সোবাহানপুর আর এ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে দুজন সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হন। দুপুর সাড়ে ১২টায় ১ নম্বর কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়া নিয়ে মোরগ প্রতীক ও টিউবওয়েল প্রতীকের দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ৫ জন আহত হন। দুটি কেন্দ্রেই সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দীঘিনালা থানার ওসি মিজানুর রহমান বলেন, তিনটি কেন্দ্রে সামান্য বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কষ্ট করেছেন। তিনি বলেন, ‘যেখানেই কোনো ঘটনার খবর পেয়েছি, আমরা সঙ্গে সঙ্গে সেখানে হাজির হয়েছি।’
১ নম্বর কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার আছিমুন্নেছা, সুফিয়া বেগম ও মোশারফ হোসেন অভিযোগ করেন, তাঁরা ভোট দিতে পারেননি। তাঁদের বলা হয়েছে, ভোট দেওয়া হয়ে গেছে। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা উৎপল চাকমা বলেন, কারও জাল ভোট দেওয়ার বিষয়টি তাঁর জানা নেই।
কামাকুছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা নতুন ভোটার হর দেবী ত্রিপুরা, তরুণ প্রিয়া ত্রিপুরা ও নিপুলা ত্রিপুরা বলেন, তাঁদের বাড়ি ২ নম্বর যৌথ খামার এলাকায়। অনেক দূর থেকে তাঁরা ভোট দিতে এসেছেন। জীবনের প্রথম ভোট, তাই প্রার্থী যাচাই-বাছাই করেই ভোটটা দেবেন তাঁরা।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ হোসেন চৌধুরী বলেন, গুজবের কারণেই ছোট ছোট তিনটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।