দীঘিনালায় অবাধে চলছে পাহাড় কাটা
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং এলাকায় প্রকাশ্যে পাহাড় কাটা চলছে। কয়েকজন অসাধু ট্রাক্টর-মালিক বিভিন্ন স্থানে মাটি ভরাটের চুক্তি নিয়ে এই পাহাড় কেটে মাটি বিক্রি করছেন। দীর্ঘদিন ধরে পাহাড় কাটা অব্যাহত থাকলেও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গত শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, মেরুং ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে সড়কের পাশের একটি বিশাল পাহাড় কেটে ট্রাক্টরে মাটি তোলা হচ্ছে। পাহাড় কাটায় নিয়েজিত শ্রমিকেরা নাম প্রকাশ না করার শর্তে জানান, এক ট্রাক্টর মাটি ৩০০ টাকায় বিক্রি করা হচ্ছে। ট্রাক্টরের মালিক জনৈক কিবরিয়া। তিনি মাটি ভরাটের চুক্তি নিয়ে এই পাহাড় কেটে ট্রাক্টরে করে নিয়ে যান। অনেক দিন ধরে এই পাহাড়ের মাটি কাটার কাজ চললেও এ পর্যন্ত কেউ বাধা দেননি বলে তিনি জানান। স্থানীয় সূত্র জানায়, তিনজন ট্রাক্টর-মালিক এই পাহাড় থেকে মাটি কেটে নিচ্ছেন। মাঝেমধ্যে কিছু দিন বিরতি দিয়ে দীর্ঘদিন ধরেই পাহাড়টি কাটা হচ্ছে। জানা গেছে, পাহাড়টির মালিক ছোট মেরুং ৪ নম্বর কলোনি গ্রাম উন্নয়ন সমিতি। সমিতির সাধারণ সম্পাদক মৌলভী আবুল হাসেম কাজি বলেন, সমিতি পাহাড়ের মাটি বিক্রি করছে না। এলাকার স্বার্থে কেউ মাটি নিতে এলে তো দিতে হয়। মাঝেমধ্যে মাটি কাটতে বাধাও দিই।’পাহাড় কাটা শ্রমিকেরা ট্রাক্টরের মালিকের ঠিকানা ও ফোন নম্বর দিতে না পারায় ট্রাক্টর-মালিক কিবরিয়ার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান মিঞা বলেন, ‘পাহাড় কাটার বিষয়টি এত দিন জানতাম না। শিগগির তদন্ত করে পাহাড় কাটায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’