দীঘিনালায় অল্প বয়সে বিয়ে অপুষ্টির শিকার শিশুরা
খাগড়াছড়ির দীঘিনালার বিভিন্ন গ্রামে অল্প বয়সে বিয়ে দেওয়ার প্রবণতা বেড়ে গেছে। অল্প বয়সে বিয়ে ও মা হওয়ার কারণে জন্ম নেওয়া শিশুরা পুষ্টিহীনতায় ভুগছে। চিকিৎসকেরা এ তথ্য জানিয়েছেন।দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা পলাশ নাগ জানান, অপুষ্টির শিকার হওয়া শিশুদের ওজন বয়স অনুযায়ী বাড়ে না। অপুষ্টির শিকার হয়নি—সাত মাস বয়সী এমন শিশুর ওজন সাত কেজি হয়। কিন্তু পুষ্টিহীনতায় ভুগছে—একই বয়সের এমন শিশুর ওজন হয় মাত্র সাড়ে চার থেকে পাঁচ কেজি। এ ছাড়া এমন শিশুর নানা শারীরিক সমস্যা দেখা দেয়। এসব শিশুর মায়েদের অল্প বয়সে বিয়ে হচ্ছে। এ কারণেই এসব শিশু পুষ্টিহীনতায় ভুগছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ সেপ্টেম্বর সরেজমিনে দেখা যায়, জনি নামের সাত মাস বয়সের এক শিশু পুষ্টিহীনতায় ভোগে এখানে চিকিৎসা নিচ্ছে। শিশুটির মা জয়তুন আক্তার (১৫) জানায়, তাদের বাড়ি উপজেলার মধ্য বেতছড়ি গ্রামে। ১৩ বছর বয়সে তার বিয়ে হয়েছে, স্বামী মানিক রং মিস্ত্রীর কাজ করেন। বাবা জাবেদ আলী অভাবের কারণে পড়ালেখা না করিয়ে অল্প বয়সে তাকে বিয়ে দিয়েছেন। সাত মাস আগে জনির জন্ম হলেও এখনো পর্যন্ত সে কিছুই খেতে চায় না। হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা জনি পুষ্টিহীনতায় ভুগছে জানিয়ে ভর্তি করে চিকিৎসা দিচ্ছেন।স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া অপর অল্প বয়সী মা আলেয়া খাতুন (১৭) এসেছে ছেলে আশ্রাফুল আলমকে (২) নিয়ে। সে-ও পুষ্টিহীনতা ও নিউমোনিয়ায় আক্রান্ত। আলেয়া খাতুন জানায়, তার বাড়ি উত্তর মিলনপুর গ্রামে। ১৩ বছর বয়সে বিয়ে হয়েছে তার। ছেলে কোনো কিছুই খেতে চায় না, প্রায়ই অসুখে ভোগে।অল্প বয়সে বিয়ে দেওয়ার প্রবণতা আদিবাসীদের মধ্যেও রয়েছে। তেমনই একটি গ্রাম উপজেলার দুর্গম সীমানাপাড়া। ওই গ্রামের বাসিন্দা চরমতি ত্রিপুরা জানান, তাঁর বর্তমান বয়স ১৯ বছর। বিয়ে হয়েছে সাত বছর আগে। বর্তমানে তাঁর দুটি সন্তান। বড় ছেলে শান্তিময় ত্রিপুরার বয়স চার বছর, ছোট ছেলে জুয়েল ত্রিপুরার বয়স দুই বছর।১ নম্বর মেরুং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হিরুময় ত্রিপুরা বলেন, ‘হতেন গ্রামের মানুষের মাঝে এখনো সচেতনতা সৃষ্টি হয়নি। অল্পবয়সে বিয়ে ঠিক হয়েছে জেনে কোনো মেয়ের বাবাকে বিয়ে বন্ধ করার অনুরোধ করলে তিনি ভাবেন যেন তাঁর মেয়ের ক্ষতি করছি।’উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা পলাশ নাগ বলেন, ‘এখানে যোগদান করার পর বুঝতে পারছি অল্প বয়সে বিয়ে হওয়ার প্রবণতা কতটুকু। অল্প বয়সে বিয়ে হওয়া ১০ থেকে ১৫ জন মা প্রতি সপ্তাহে তাঁদের সন্তানদের নিয়ে এখানে চিকিৎসা নিতে আসেন। তাঁদের মধ্যে অল্প বয়সী আদিবাসী মায়েরাও আছেন।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি কে এম এনামুল করিম বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে অল্প বয়সে বিয়ে ও মা হওয়ার কারণে শিশু পুষ্টিহীনতায় আক্রান্ত হওয়ার বিষয়টি জেনেছি। গ্রামগুলোতে অল্প বয়সে বিয়ে (বাল্যবিবাহ) রোধে ইউপি চেয়ারম্যান, সদস্য, হেডম্যান (মৌজাপ্রধান) ও কার্বারিদের (গ্রামপ্রধান) মাধ্যমে গ্রামবাসীদের সচেতনতা সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে।’