দীঘিনালায় আদিবাসী তরুণ গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় শ্যামল কান্তি চাকমা (৩০) নামের এক আদিবাসী তরুণ গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার উপজেলার তারাবনীয়া মৌজার পাকুজ্জাছড়ি গ্রামে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কালাচাঁদ মহাজনপাড়া গ্রামের প্রীতিময় চাকমার ছেলে শ্যামল কান্তি চাকমা। তিনি দীর্ঘদিন ধরে তারাবনীয়া মৌজার পাকুজ্জাছড়ি এলাকায় জমি বর্গা নিয়ে চাষাবাদ করে সেখানেই বসবাস করে আসছিলেন। গত শনিবার রাত ১০টায় তিনি তাঁর অস্থায়ী বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাঁকে গুলি করে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখান থেকে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সুসময় চাকমা জানান, শ্যামল কান্তি চাকমা একজন সাধারণ মানুষ। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। হয়তো পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। দীঘিনালা থানার উপপরিদর্শক (এসআই) মো. শামীম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো নারীসম্পর্কিত কারণে এ ঘটনা ঘটতে পারে। তবে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ শ্যামল কান্তি চাকমার পরিবারের কোনো সদস্যের দেখা পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।