দীঘিনালায় আদিবাসী শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার চংড়াছড়ি মনের মানুষ এলাকার লিচুবাগান জঙ্গল থেকে গতকাল বুধবার চম্পা চাকমা (৯) নামের এক আদিবাসী শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে রাঙাপানিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। চম্পা উপজেলার ইন্দ্রজয় কার্বারি পাড়ার রক্তে চাকমার মেয়ে। পুলিশ ও শিশুটির পারিবারিক সূত্র জানায়, গত মঙ্গলবার বিকেলে চম্পা তার ফুফাতো ভাই রিয়াজ চাকমাকে সঙ্গে নিয়ে মনের মানুষ এলাকার পাহাড়ি জঙ্গলে তরকারি সংগ্রহ করতে যায়। সন্ধ্যায় রিয়াজ বাড়ি ফিরে চম্পার মা শেফালী চাকমাকে জানায়, চম্পা পাহাড়ে হারিয়ে গেছে। সারা রাত তার পরিবার জঙ্গলে খুঁজেও কোনো সন্ধান পায়নি। গতকাল বিকেলে আবারও খুঁজতে গিয়ে লিচুবাগান জঙ্গলে তার লাশ পাওয়া যায়। পরে তারা পুলিশে খবর দেয়। পুলিশ এসে সন্ধ্যা সাতটার দিকে তার লাশ উদ্ধার করে। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডান চোখে বড় ধরনের আঘাত পেয়ে সে পাহাড় থেকে গড়িয়ে পড়েছে। প্রচুর রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’