দীঘিনালায় আদিবাসী শিশুর লাশ উদ্ধার, ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় গত শুক্রবার সকালে সুনামিকা চাকমা (১১) নামের এক আদিবাসী শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের মতে, এটি ধর্ষণের পর হত্যার ঘটনা হতে পারে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় সেনা টহল জোরদার ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।পুলিশ ও কিশোরী সুনামিকার পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত নয়টার দিকে দীঘিনালার তুলাপাড়া গ্রামের মৃত লালমোহন চাকমার মেয়ে সুনামিকা বাড়ির কাছে একটি দোকানে যায়। এরপর সে আর ফিরে আসেনি। রাতে অনেক খুঁজেও তার সন্ধান পাওয়া যায়নি। পরদিন শুক্রবার সকালে বাড়ির পাশে একটি পাহাড়ের পাশে সুনামিকার লাশ পাওয়া যায়। সুনামিকার মা কল্পনা চাকমা অভিযোগ করেন, বাড়ির পাশে একটি জঙ্গলে বাঙালি ও পাহাড়িরা প্রায়ই জুয়া ও মদের আসর বসায়। নিষেধ করলেও তারা শোনে না। কাশেম নামের এক ব্যক্তি সুনামিকাকে প্রায়ই উত্ত্যক্ত করত। তবে তাঁর সম্পর্কে বিস্তারিত জানেন না তিনি। এ ব্যাপারে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সুনামিকাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কাশেমসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে পাহাড়ি ছাত্র পরিষদ গতকাল শনিবার দীঘিনালা ডিগ্রি কলেজে প্রতিবাদ সভা করেছে। এতে সভাপতিত্ব করেন কলেজের পিসিপির কলেজ শাখা সভাপতি রাজীব ত্রিপুরা।