দীঘিনালায় আদিবাসীদের প্রতিবাদ সমাবেশ
খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তর স্থাপনের প্রতিবাদে আদিবাসীরা মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেছেন। গতকাল সোমবার সকালে কলেজ মোড় এলাকায় দীঘিনালা ভূমি রক্ষা কমিটির ব্যানারে আদিবাসীদের বিভিন্ন পেশার মানুষ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুগত প্রিয় চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্ব কল্যাণ চাকমা, ভূমির মালিকদের পক্ষে অরবিন্দু চাকমা (কার্বারি), নতুন চন্দ্র চাকমা (কার্বারি), পূর্ণচন্দ্র চাকমা (কার্বারি) প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, ৪ নম্বর দীঘিনালা ইউনিয়নের ২ নম্বর বাঘাইছড়ি এলাকায় বিজিবির সদর দপ্তর হলে ৫১ নম্বর বাঘাইছড়ি মৌজার শশী মোহন কার্বারিপাড়ার ২৪ পরিবার ও নতুন চন্দ্র কার্বারিপাড়ার ২৩ পরিবারসহ মোট ৪৭ পরিবার তাঁদের ভূমি হারাবে। ১৯৫৬ সাল থেকে তাঁরা এ জায়গায় বসবাস করছেন। এখন সেখানে স্থায়ীভাবে বিজিবির সদর দপ্তর হলে আদিবাসী পরিবারগুলো একবারেই ভূমিহীন হয়ে যাবে।
মানববন্ধন কর্মসূচিতে অংশ নেওয়া শশী মোহন কার্বারিপাড়া এলাকার স্মৃতি চাকমা বলেন, ‘প্রয়োজনে জীবন দেব, তবু নিজের ভূমিতে বিজিবি সদর দপ্তর স্থাপন করতে দেব না। আমরা নিজ দেশে পরবাসী হিসেবে থাকতে পারব না।’
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুল জাহিদ পাভেল বলেন, বিজিবি সদর দপ্তর স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণের সব নিয়মনীতি অনুসরণ করে জেলা প্রশাসক ১৫ মে ২৯ দশমিক ৮১ একর ভূমি বিজিবিকে বুঝিয়ে দিয়েছেন। অধিগ্রহণের আওতায় কারও ভূমি পড়লে তিনি অবশ্যই ক্ষতিপূরণ পাবেন।