দীঘিনালায় আধিপত্য নিয়ে একের পর এক হত্যাকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় আঞ্চলিক রাজনীতিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছয় মাসে পাঁচটি ও ১৭ দিনের ব্যবধানে সংঘটিত হয়েছে তিনটি হত্যাকাণ্ড। এসব ঘটনায় সাধারণ মানুষ ভয়ে মুখ না খোলায় হত্যাকাণ্ডের কারণ বের করতে পারছে না পুলিশ। অবস্থা এমন দাঁড়িয়েছে যে নিরাপত্তাহীনতার কারণে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা বিচারই চাচ্ছেন না।সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, হত্যাকাণ্ডগুলো ঘটেছে শুধু জেএসএসের দুটি পক্ষের মধ্যে। দুই পক্ষই পার্বত্য শান্তিচুক্তির পক্ষের। মূলত গত ১০ এপ্রিল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির একটি পক্ষ মানবেন্দ্র নারায়ণ লারমা ওরফে এমএন লারমা নামে নতুন একটি আঞ্চলিক দল গঠন করেছে। এর মাধ্যমে জনসংহতি সমিতির ভাঙন প্রকাশ্য রূপ নেয়।স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ জুন উপজেলার সড়ক ও জনপথ কার্যালয়ের মাঠে খুন হন উপজেলার ডানে আটারকছড়া গ্রামের শতি রঞ্জন চাকমার ছেলে জনমিত্র চাকমা (২৫)। এর ১৭ দিনের মধ্যে ২৬ জুন ভোরে উপজেলার মেরুং ইউনিয়নের বগাপাড়ার চিত্রসেন কার্বারিপাড়া গ্রামের ভাস্কর চাকমার বাড়ি থেকে ডেকে জনসংহতি সমিতির এমএন লারমা পক্ষের দুই কর্মীকে গুলি করে হত্যা করা হয়। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার জামতলী গ্রামের জনাধন ত্রিপুরার ছেলে সুশীল ত্রিপুরা (২৫) ও ছাতকছড়ার লাংগা চাকমার ছেলে বারিজা চাকমা (২৮)। এর আগে গত বছরের ১১ ডিসেম্বর চংড়াছড়ি মনের মানুষ এলাকায় জীতেন চাকমা (৩০) ওরফে শান্তি বিকাশকে গুলি করে হত্যা করা হয়। ১৬ দিন পর ২৭ ডিসেম্বর উপজেলার বড়াদম বাজারে রাতে প্রদীপ চাকমা ওরফে চিকিৎসক যোগেশকে কুপিয়ে হত্যা করা হয়। এলাকাবাসী জানিয়েছেন, জনমিত্র চাকমা জনসংহতি সমিতির একটি পক্ষের সঙ্গে সম্পৃক্ত থাকলেও কোনো পদে ছিলেন না। আর সুশীল ও বারিজা সংগঠনের বগাপাড়া এলাকার সাংগঠনিক দায়িত্বে ছিলেন। এসব হত্যাকাণ্ড জনসম্মুখে ঘটলেও সাধারণ মানুষ ভয়ে মুখ খুলছে না। চিত্রসেন কার্বারিপাড়া গ্রামের ভাস্কর চাকমার স্ত্রী দীপু রানী চাকমা বলেন, ২৬ জুন ভোরে একদল যুবক এসে তাঁদের ঘরের সবাইকে জিম্মি করে বাইরে থেকে দরজা আটকে দেয়। এরপর কী ঘটেছে তিনি জানেন না। নিহত দুজন তাঁদের বাড়িতে ছিলেন কি না সে ব্যাপারে তিনি কিছু বলতে অস্বীকৃতি জানান।চিত্রসেন কার্বারিপাড়ায় গিয়ে দেখা যায়, মানুষ আতঙ্কগ্রস্ত। হত্যাকাণ্ডের বিষয়ে কেউ কথা বলতে রাজি নয়। ভারত প্রত্যাগত উপজাতি শরণার্থী রেশন বিতরণ কমিটির এক নেতা নাম প্রকাশ না করে বলেন, ‘ভাই, আমরা সবাই আতঙ্কে, এখন ভাইকে ভাই গুলি করে মারছে। আমি নিজেই নিরাপত্তার জন্য বসতবাড়ি ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছি।’ রেশন বিতরণ কমিটির অপর এক সদস্য বলেন, ‘আমাদের মধ্যে এখন মানন্যা (শান্তিচুক্তির পক্ষে) কেউ ন-মানন্যা (শান্তিচুক্তির বিপক্ষে) আবার এখন সংস্কার (জেএসএস-এমএন লারমার পক্ষ)। মূলত জুম্ম জাতির অধিকার আদায়ের আন্দোলনের নামে জুম্ম জাতির মধ্যেই যুদ্ধ চলছে।’জোড়া খুনের শিকার সুশীল ত্রিপুরার অন্তঃসত্ত্বা স্ত্রী মোদিনী ত্রিপুরা বলেন, ‘কখনো ভাবিনি এত অল্প বয়সে স্বামীহারা হব। স্বামী হত্যার বিচার চেয়ে শ্বশুর-শাশুড়িকে বিপদে ফেলতে পারব না।’ সুশীল ত্রিপুরার মা অলকা রানী ত্রিপুরা বলেন, ‘ছেলে হত্যার বিচার সৃষ্টিকর্তার কাছে চাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আমাদের নিরাপত্তা নেই, ভয়ে আছি। সন্তান হারিয়েছি, এখন আর নতুন করে স্বামী হারাতে চাই না।’দীঘিনালার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ চন্দ্র পাল বলেন, আঞ্চলিক রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ডগুলো ঘটেছে। পুলিশ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতা করতে চায়। কিন্তু তারা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে চায় না। দুর্গম অঞ্চলে পুলিশ কষ্ট করে গিয়েও কারও সহযোগিতা না পাওয়ায় হতাশ হয়ে ফিরে আসে।